ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের মধ্যেই সরকারকে দীর্ঘ প্রত্যাশিত 'প্রবাসী কল্যাণ ব্যাংক' প্রতিষ্ঠার সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।
এ ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমও চালাবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ রোববার কমিটির বৈঠক শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মন্ত্রণালয়কে চলতি বছরের মধ্যে প্রবাসীদের জন্য ব্যাংক স্থাপন করতে বলেছি।
বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের মতামত অনুযায়ী ব্যাংকটিকে টেকসই করার জন্য অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলোর মতো বিভিন্ন কার্যক্রম রাখার সুপারিশ করেছে স্থায়ী কমিটি।
কমিটি চেয়ারম্যান জানান, প্রস্তাবিত 'প্রবাসী কল্যাণ ব্যাংক' হবে রাষ্ট্রীয় মালিকানাধীন এবং ট্রাস্ট ব্যাংকের মতো একটি ট্রাস্টি বোর্ড এটি পরিচালনা করবে।
তিনি বলেন, প্রবাসীরা সুনির্দিষ্ট বিনিয়োগ প্রস্তাব নিয়ে আসলে প্রস্তাবিত ব্যাংকটি তাদের জন্য বিশেষ স্কিম চালু করবে। এছাড়া প্রবাসীরা দেশে ফেরার পর ব্যাংকটি তাদের ঋণ পেতে সহায়তা করবে।
ব্যাংকটি স্থাপনের কাজে পরামর্শ দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের উর্দ্ধতন কর্মকর্তারা সংসদ ভবনে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের কল্যাণে একটি বিশেষায়িত ব্যাংক স্থাপনের প্রতিশ্র"তি দিয়েছিলেন।
মরিশাসে জনশক্তি রপ্তানি
আনিসুল ইসলাম মাহমুদ জানান, মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী ছয় হাজার বাংলাদেশী শ্রমিককে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করাতে মরিশাস সরকারের সঙ্গে আলোচনা করতে কেনিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মরিশাস যান।
তিনি বলেন, "মন্ত্রণালয়ের কর্মকর্তারা আমাদের বলেছেন, মরিশাস সরকার তাদের আগের সিদ্ধান্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করতে পারে এবং সেখানে বাংলাদেশীদের কাজের অনুমতি দিতে পারে।"
কমিটির চেয়ারম্যান বলেন "মরিশাসে যারা চাকরি হারাতে পারে তাদের জন্য আমরা মন্ত্রণালয়কে শ্রমবাজার অনুসন্ধান করতেও বলেছি।"
বিশ্বমন্দার কারণে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মরিশাস ছয় হাজার বাংলাদেশী শ্রমিককে সেদেশ ত্যাগের নির্দেশ দিয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এবং কমিটির অপর সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩৫৬ ঘ.
bdnews24