২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজ দেশে পুনর্বাসনই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান: রাজ্জাক

রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে পুনর্বাসনই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান বলে মনে করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সরকারিভাবে এ সমস্যার সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বি-পাক্ষিক আলোচনার উদ্যোগ নিচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে পুনর্বাসনই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান বলে মনে করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সরকারিভাবে এ সমস্যার সমাধানে পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বি-পাক্ষিক আলোচনার উদ্যোগ নিচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনের (ইউএনএইচসিআর) আঞ্চলিক প্রতিনিধি রেমন্ড হল রোববার সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করতে গেলে তিনি তাকে একথা বলেন। আব্দুর রাজ্জাক বলেন, মানবিক বিবেচনায় বাংলাদেশ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়েছে। কিন্তু অনিবন্ধিত শরনার্থীরা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে। বাংলাদেশের সীমিত সম্পদের ওপর তারা চাপ সৃষ্টি করছে। এতে বিভিন্ন সামাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি জানান, এদের নিবন্ধনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা দেখা দেয়। যখনই নিবন্ধনের উদ্যোগ নেয়া হয়, তখনই আরো বেশি সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়ে। তারা মনে করে, বাংলাদেশে নিবন্ধিত হতে পারলেই আন্তর্জাতিক সংস্থা থেকে সহায়তা এবং তৃতীয় কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া যাবে। মন্ত্রী বলেন, ইউএনএইচসিআর বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহায়তায় মিয়ানমারে রোহিঙ্গা বসতি এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার করলে এসব শরণার্থী নিজ দেশে ফিরতে আগ্রহী হতে পারে। ইউএনএইচসিআর প্রতিনিধি রেমন্ড হল জানান, নিজ দেশে রোহিঙ্গাদের কোনো নাগরিক অধিকার নেই। নিজ গ্রামের বাইরে তারা চলাফেরা করতে পারে না। এমনকি বিয়ে করতেও সে দেশের সরকারের অনুমতি নিতে হয়। এ সব নিয়ম লংঘন করলেই তাদের কারাগারে পাঠানো হয়। নির্দিষ্ট মেয়াদে কারাভোগের পর তারা অত্যাচার থেকে রক্ষা পেতে বাংলাদেশে চলে আসে। তিনি আরো জানান, মিয়ানমার সরকার সেদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনকে কাজ করার অনুমতি দিয়েছে। সেখানে রোহিঙ্গা বসতি এলাকার উন্নয়নে ইউএনএইচসিআর বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তবে অনিবন্ধিত রোহিঙ্গাদের তালিকা থাকা প্রয়োজন। নাহলে শরণার্থী সমস্যা সমাধানের সময় মিয়ানমার নিবন্ধণের বাইরে থাকা রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নিতে আপত্তি জানাবে। বর্তমানে প্রায় ২৪ হাজার নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২১০০ ঘ.