চট্টগ্রাম, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---আনোয়ারা উপজেলার গহিরার সমুদ্র উপকূল থেকে কোস্টগার্ড সদস্যরা বিপুল পরিমাণ অবৈধ বিদেশী মদ উদ্ধার করেছে।
শনিবার মধ্যরাতের এ অভিযানে পাঁচ হাজার ২০০ বোতল মদ উদ্ধার করা হয় যার দাম প্রায় পৌনে দুই কোটি টাকা।
এসময় কেউ গ্রেপ্তার হয়নি।
কোস্টগার্ড পূর্ব জোনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল গহিরা উপকূলে অভিযান চালিয়ে দুটি ইঞ্জিন চালিত নৌকাকে থামার নির্দেশ দেয়। এসময় নৌকা দুটি পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড সদস্যরা ১০ রাউন্ড ফাঁকা গুলি করলে চোরাকারবারীরা নৌকা তীরে ভিড়িয়ে পালিয়ে যায়।
পরে নৌকা দুটি থেকে দুই হাজার ৬০০ বোতল জিন এবং দুই হাজার ৬০০ বোতল রাম উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চোরাচালান করা এসব অবৈধ মদ ও নৌকা আইন অনুযায়ী চট্টগ্রাম শুল্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এসকে/২০২৬ঘ.
bdnews24