২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খন্দকার মোশাররফের আয়কর ফাঁকির মামলা স্থগিতের আদেশ বহাল

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 02:10 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। রোববার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিনের নেতৃত্বে আপিল বিভাগের তিন বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সরকারের দায়ের করা লিভ টু আপিল আবেদন খারিজ করে দেয়। গত বছরের ৫ আগস্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দায়ের করা আয়কর ফাঁকির মামলার কার্যক্রম হাইকোর্ট স্থগিত করে দিয়েছিল। পাশাপাশি মামলাটি দায়ের ও এর কার্যক্রম চালিয়ে নেওয়াকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও মামলাটি কেন বাতিল ঘোষণা করা হবে না আগামী ছয় সপ্তাহের মধ্যে কারণ জানাতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও সরকারের প্রতি রুলনিশি জারি করা হয়। গত বছরের ২৭ জুলাই এনবিআরের উপ পরিচালক মুহতাসিবুর রহমান ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে খন্দকার মোশাররফের বিরুদ্ধে আয়কর ফাঁকির এ মামলা দায়ের করেন। এতে তার বিরুদ্ধে ১৯৯৬-১৯৯৭ কর বছর থেকে ২০০৫-২০০৬ অর্থ বছর পর্যন্ত মোট ৯ বছরে ৬৩ লাখ ২৩ হাজার ৬শ'২ টাকা আয়কর ফাঁকির অভিযোগ আনা হয়। খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এইচএ/২০২০ ঘ.