২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে সোয়াইন ফ্লু'র ব্যাপকতায় দেশে বাড়তি সতর্কতা

ভারতে সোয়াইন ফ্লুর বিস্তার ঘটায় সতর্ক রয়েছে বাংলাদেশও। ভারত সীমান্তের স্থলবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এদিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে সানোয়ার হোসেন নামে এক রোগীর মৃত্যুর কারণ সোয়াইন ফ্লু উল্লেখ করার ব্যাখ্যা চাইবে স্বাস্থ্য অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2009, 12:19 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে সোয়াইন ফ্লুর বিস্তার ঘটায় সতর্ক রয়েছে বাংলাদেশও। ভারত সীমান্তের স্থলবন্দরগুলোতে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। এদিকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে সানোয়ার হোসেন নামে এক রোগীর মৃত্যুর কারণ সোয়াইন ফ্লু উল্লেখ করার ব্যাখ্যা চাইবে স্বাস্থ্য অধিদপ্তর। সোয়াইন ফ্লুতে ভারতে সোমবার দুইজনের মৃত্যুর খবর জানিয়েছে সে দেশের সংবাদ মাধ্যমগুলো। এনিয়ে দেশটিতে এ রোগে মৃতের সংখ্যা ছয় জনে দাঁড়িয়েছে। এর মধ্যে একজন চিকিৎসকও রয়েছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মাহমুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতে এ রোগের বিস্তারের বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রতিদিন দু'বার করে বৈঠকে বসে সার্বিক বিষয়ে পর্যালোচনা চলছে।" তিনি বলেন, "স্থলবন্দরগুলোতে পর্যবেক্ষণ আরও জোরদার করা হয়েছে। সেখানে দায়িত্বরত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।। প্রতিদিন বাংলাদেশ ও ভারতের মধ্যে অনেক মানুষ আসা-যাওয়ার বিষয়টি বিবেচনা করেই এ আমরা ব্যবস্থা নিচ্ছি।" ভারতে সোয়াইন ফ্লুর জন্য দায়ী এইচ১এ১ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় ৬ শতাধিক। গত মঙ্গলবার প্রথম রোগীর মৃত্যু হয়। ডা. মাহমুদুর জানান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে সানোয়ার হোসেনের মৃত্যুর কারণ সোয়াইন ফ্লু উল্লেখ করার ব্যাখ্যা চাইবে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তাদের চিঠি দেবেন। শনিবার ওই হাসপাতালে মালদ্বীপ ফেরত সানোয়ারের মৃত্যু সনদে কারণ সোয়াইন ফ্লু বলে উল্লেখ করা হয়। পরে অবশ্য হাসপাতালের পরিচালক ডা. শাহজাহান বিশ্বাস বলেছিলেন, মৃত্যু সনদে ভূল করে সোয়াইন ফ্লু লেখা হয়। আইইডিসিআর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সানোয়ারের রোগের লক্ষণ ও ইতিহাস সোয়াইন ফ্লুর সঙ্গে মিলে না। সে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মারা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে আইইডিসিআর এর পরিচালক এবং মন্ত্রণালয়রে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়। আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে এ পর্যন্ত ৩২ জন সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৩০ জনই সুস্থ হয়ে গেছে। আইইডিসিআর এর তত্ত্বাবধানে দু'জনের চিকিৎসা চলছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, ৩১ জুলাই পর্যন্ত বাংলাদেশের প্রতিবেশী দেশ ভুটানে তিনজন, মিয়ানমারে ৯ জন, মালদ্বীপে একজন, নেপালে ১৭ জন , শ্রীলঙ্কায় ৫৫ এবং থাইল্যান্ডে ৮৮৭৭ জন সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে থাইল্যান্ডে ৬৫ এবং ইন্দোনেশিয়ায় একজনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ হিসেব অনুযায়ী, বিশ্বের ১৬১টি দেশ ও এলাকায় সোয়াইন ফ্লুর বিস্তার ঘটেছে। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬২ হাজার ৩৮০ জন। মারা গেছে ১ হাজার ১৫৪ জন। গত ১১ জুন সোয়াইন ফ্লু-কে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। উচ্চ তাপমাত্রার জ্বর, কাশি, কফ এ রোগের লক্ষণ। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে এইচ১এন১ নামের এ ভাইরাস ছড়ায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। যত্রতত্র কফ, থুথু না ফেলা ও সাবান দিয়ে কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৮১৮ ঘ.