সিলেট, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখে ভারতের বাঁধ নির্মাণের উদ্যোগের প্রতিবাদে রোববার সিলেটে সুরমা নদীতে নৌ-মার্চ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিকেলে সুনামগঞ্জ থেকেও জামায়াত সুরমা নদীতে একই কর্মসূচি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, সকাল ১১টায় সিলেটে ক্বীনব্রিজ পয়েন্ট থেকে নৌ-মার্চের উদ্বোধন করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী।
এরপর ১৭০টি নৌকা নিয়ে জকিগঞ্জের উদ্দ্যেশে নৌ-মার্চ শুরু হয়।
ক্বীনব্রিজের উত্তর তীরে নৌ-মার্চ পূর্ব জনসভায় বিশেষজ্ঞের বরাত দিয়ে নিজামী বলেন, "টিপাইমুখ বাঁধ বাংলাদেশে পারমাণবিক বোমা বিস্ফোরণের চেয়েও বেশি পরিবেশ ও মানবিক বিপর্যয় ঘটাবে।"
বাঁধটি নির্মাণ হলে সুরমা, কুশিয়ারা ও মেঘনা নদী বিলীন হয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জামায়াতের সিলেট বিভাগীয় সমন্বয়কারী শফিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম, সিলেট জেলা বিএনপির আহবায়ক এম. ইলিয়াস আলী, জামায়াতের ঢাকা মহানগরী আমির রফিকুল ইসলাম খান, খুলনা মহানগরী আমির মিয়া গোলাম পরোয়ার, রাজশাহী মহানগরী আমির আতাউর রহমান, চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির শাহজাহান চৌধুরী এবং জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন চৌধুরী।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ শহরে সুরমা নদীর তেঘরিয়া সাহেব বাড়ি ঘাট পয়েন্ট থেকে জামায়াত নৌ-মার্চ শুরু করে।
সন্ধ্যা ৬টার দিকে ছাতকে গিয়ে নৌ-মার্চ শেষ হয়। পথে দোয়ারাবাজার উপজেলায় একটি পথসভা হয়।
নৌ-মার্চ শুরুর আগে শহরের ট্রাফিক পয়েন্টে আয়োজিত সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান বলেন, "ভারত ১৯৭৪ সালে পরীক্ষামূলকভাবে ৪১ দিনের জন্য ফারাক্কা বাঁধ চালুর কথা বললেও আজও তাদের সেই ৪১ দিন শেষ হয়নি। তারা একতরফাভাবে পানি আটকিয়ে প্রমত্তা পদ্মার বুকে মরুভুমি সৃষ্টি করেছে। এভাবে টিপাইমুখে বাঁধ দিয়ে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় তারা।"
জেলা জামায়াতের আমির হাতিমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- জামায়াত নেতা আব্দুস সালাম আল মাদানী, ফজলুর রহমান, জালাল উদ্দিন, শামসুদ্দিন, আবু হানিফ নোমান, মমতাজুল হাসান, শিবির নেতা দেলোয়ার, মাসুম প্রমুখ।
সমাবেশ শেষে মিছিল নিয়ে নেতা-কর্মীরা শহরের তেঘরিয়া সাহেববাড়ি এলাকায় সুরমা নদীর ঘাটে গিয়ে ২০টি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে নৌ-মার্চ শুরু করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১২৯ ঘ.
bdnews24