ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে রোববার দুপুরে পুলিশের সঙ্গে গোলাগুলিতে একজন ছিনতাইকারী নিহত হয়েছে। ছিনতাইকারীর গুলিতে আহত হয়েছে দুজন।
দুপুর ১টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনে এসকেমকো সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক।
তিনি জানান, ছিনতাইকারীরা এক নারীর কাছ থেকে ১ লাখ ৯৫ হাজার টাকা ছিনিয়ে নিলে পুলিশের একটি টহল দল ধাওয়া করে। গোলাগুলির এক পর্যায়ে গুলিবিদ্ধ হয় তৈয়ব (৩৫) নামের এক ছিনতাইকারী। তাকে পঙ্গু হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
ওসি বলেন, "কানিজ ফাতেমা মুন্নী (২২) নামে একজন ভদ্রমহিলা মিরপুর ১১ নম্বার বাস স্ট্র্যান্ডের ব্র্যাক ব্যাংক শাখা থেকে টাকা তুলে অটো রিকশার জন্য ইনডোর স্টেডিয়ামের কাছে এসকেমকো সিএনজি ফিলিং স্টেশনের সামনে আসেন। ওই সময় দুটি মটর সাইকেলে চারজন ছিনতাইকারী মহিলাকে গুলি করে টাকা ছিনিয়ে নেয়।"
মুন্নীর চিৎকারে পল্লবী থানার একটি টহল দল ছিনতাইকারীদের ধাওয়া করে। তখন ছিনতাইকারীদের গুলিতে হাফিজুর রহমান (৩০) নামের একজন সিএনজি চালক গুলিবিদ্ধ হন বলে পুলিশ কর্মকর্তা মালেক জানান।
আহত মুন্নীতে শমরিতা হাসপাতাল এবং হাফিজুরকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, অপর ছিনতাইকারীদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬১৫ ঘ.
bdnews24