ঢাকা, আগস্ট ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাপে কাটা রোগীদের চিকিৎসায় গ্রাম্য ওঝাদের প্রশিক্ষণ দেবে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছরই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. শাহ মনির হোসাইন এ কথা জানান।
সাপে কাটা রোগীদের বিষয়ে পরিচালিত এক জরিপের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন তিনি।
অনুষ্ঠানে জানানো হয়, দেশে সাপে কাটার ঘটনা বছরে প্রায় ৭ লাখ ঘটে। এর মধ্যে ৬ হাজার মানুষের মৃত্যু হয়। তবে মাত্র ৩ ভাগ রোগী হাসপাতাল বা চিকিৎসকের কাছে চিকিৎসার জন্য যায়। ৮৬ ভাগ রোগীই গ্রাম্য ওঝার শরণাপন্ন হয়।
অনুষ্ঠানে আরও জানানো হয়, পানিতে ডুবে মারা যাওয়ার পরই সাপের কামড়ে বেশি মানুষের মৃত্যু হয়।
গ্রাম্য ওঝাদের প্রশিক্ষণ কর্মসূচির বিষয়ে শাহ মনির বলেন, "এটা কঠিন হলেও করতে হবে। তাদের যদি প্রশিক্ষণের আওতায় আনা যায় তাহলে কিছু জীবন রক্ষা করা সম্ভব হবে।"
২০০৮-২০০৯ সালে ৩ হাজার চিকিৎসককে সাপে কাটার রোগীর চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, "মাঠ পর্যায়ে আরও প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে। এজন্য ৫০০০ এন্টিভেনম কেনা হচ্ছে।"
গবেষক দলের সদস্য ও অস্ট্রেলিয়ার নিউক্যাসেল ইউনিভার্সিটির প্রভাষক ডা. আবুল হাসনাৎ মিল্টন গবেষণার ফলাফল তুলে ধরে জানান, ৮৬ ভাগ সাপে কাটার রোগী গ্রাম্য ওঝার কাছে চিকিৎসার জন্য যায়। গ্রাম্য চিকিৎসকের কাছে যায় ৬ ভাগ, নিবন্ধিত চিকিৎসক বা হাসপাতালে যায় মাত্র ৩ ভাগ রোগী।
তবে ৭৫ ভাগ রোগী আক্রান্ত হওয়ার দু' ঘণ্টার মধ্যে কোনও না কোনও ধরনের চিকিৎসা নিয়ে থাকে।
মিল্টন জানান, বরিশালে সাপে কাটার হার বেশি, প্রতি লাখে ২৬৬৭ জন। এর আগে এ হার বেশি ছিল চট্টগ্রামে। এ বিভাগে প্রতি লাখে সাপে কাটার হার ৩৯৭। এছাড়া ঢাকায় ৪৪০, খুলনায় ৯৩৬ ও সিলেটে সবচেয়ে কম ৩২১ জন।
আক্রান্তদের মধ্যে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠী বেশি। এর মধ্যে পুরুষের সংখ্যা বেশি, ৫২ শতাংশ। বছরে ৫ লাখ ৮৯ হাজার ৯১৯ জন মানুষ ৭ লাখ ১০ হাজার ১৫৯ বার সাপে কাটার শিকার হয়। এরমধ্যে ৬ হাজার ৪১ জন মারা যায়।
সময়ের হিসেবে সকালে ও দিনের আলোতে সাপে কাটে বেশি। মোট ৬৪ শতাংশ সাপে কাটার ঘটনা এ সময় ঘটে। স্থান বিবেচনায় পানিতে ২৭ ভাগ রোগী সাপে কাটার শিকার হয়। এছাড়া কৃষিক্ষেত্র বা মাঠে কাজ করতে গিয়ে ২৪ শতাংশ, রাস্তায় রাতে হাঁটতে গিয়ে ২৩ শতাংশ।
দেশের গ্রাম্য ওঝাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন বলে গবেষণায় বলা হয়েছে।
দেশের ৯৬টি এলাকার ৯৯৩ পরিবারের ৩ হাজার ৮৭৫ জনের ওপর এ গবেষণা পরিচালনা করা হয় বলে ডা. মিল্টন জানান।
গবেষণা দলের প্রধান ও সোহরাওর্য়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান বলেন, ২১ শতকের সবচেয়ে অবহেলিত বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হচ্ছে সাপে কাটা। পানিতে ডুবে মৃত্যুর পর সাপের কামড়ে বেশি মানুষ মারা যায় আমাদের দেশে। দেশে ৪০ থেকে ৫০ প্রজাতির বিষধর সাপ দেখা যায়। এর মধ্যে রয়েছে কোবরা ও কেউটে।
তিনি জানান, মে থেকে অক্টোবর পর্যন্ত সাপে কাটে বেশি।
হাসপাতালগুলোতে সাপে কাটা বা বিষক্রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য বিশেষ ওয়ার্ড খোলার ওপর জোর দেন রিদওয়ানুর।
তিনি বলেন, এর আগে ১৯৮৮-১৯৮৯ সালে হাসপাতাল ভিত্তিক এবং ডাক সার্ভিসের মাধ্যমে ১৯৯৫-১৯৯৬ সালে দু'টি জরিপ করা হয়েছিল।
ডা. রিদওয়ানুর বলেন, ভারতে ৭টি কোম্পানি চার প্রজাতির সাপের এন্টিভেনম তৈরি করে। এগুলো সবই বাণিজ্যিক প্রতিষ্ঠান। নেপাল, ভুটান, ভারতের উত্তর-পূর্বাঞ্চলে একই প্রজাতির সাপের উপস্থিতি আছে। সুতরাং এক্ষেত্রে আঞ্চলিক নতুন এন্টিভেনম কার্যকরি হতে পারে। জনস্বাস্থ্য পরিকল্পনায় এ বিষয়টি গুরুত্ব সহকারে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করতে হবে।
গবেষণা কার্যক্রমের উপদেষ্টা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মো. আবুল ফয়েজ বলেন, "প্রথমবারের মতো আমাদের দেশে এ বিষয়ে এত বড় গবেষণা হলো। এর ভয়াবহতা অনুধাবন করে সরকারের উচিত পর্যাপ্ত কর্মসূচি গ্রহণ করা।"
বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে আট সদস্যে চিকিৎসক দল এ গবেষণা পরিচালনা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/আরএ/এমআই/১৬৩৫ ঘ.
bdnews24