২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসিসি'র বিরুদ্ধে আদালতের রায় অমান্য করে উচ্ছেদ অভিযানের অভিযোগ

রাজধানীর পান্থপথে আদালতের রায় অমান্য করে একটি জমির ভোগদখলকারীদের উচ্ছেদের অভিযোগ উঠেছে ঢাকা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 06:07 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথে আদালতের রায় অমান্য করে একটি জমির ভোগদখলকারীদের উচ্ছেদের অভিযোগ উঠেছে ঢাকা সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। সিটি কর্পোরেশনের দাবি তারা অবৈধ দখল থেকে নিজেদের জমি দখল মুক্ত করেছে। তাদের অভিযোগ, ন্যাশনাল ব্যাংক ও প্রগতি ইন্সুরেন্স কর্তৃপক্ষ জমিটি অবৈধভাবে ভোগদখল করে আসছিল। নোটিশ দেওয়ার পরও তারা জমির দখল ছাড়েনি। অন্যদিকে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষের দাবি এটি তাদের কেনা জমি। তারা অভিযোগ করছে, সরকারি দলের স্থানীয় নেতাদের ষড়যন্ত্রে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। পান্থপথের সুন্দরবন হোটেল সংলগ্ন প্রায় পৌনে ৩ একর জমির দখলকে কেন্দ্র করে এ পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। এ এলাকায় এক শতাংশ জমির মূল্য প্রায় দু' কোটি টাকা। বৃহস্পতিবার এ উচ্ছেদের ঘটনা ঘটে। সিটি কর্পোরেশনের সাব-এ্যসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম জানান, পান্থপথের ১৬৩০ নম্বর দাগের জমির মালিক সিটি কর্পোরেশন এবং পাশের ১৫৭৬ নম্বর দাগের জমির মালিক ন্যাশনাল ব্যাংক ও প্রগতি ইন্সুরেন্স। ন্যাশনাল ব্যাংক ও প্রগতি ইন্সুরেন্স কর্তৃপক্ষ স্থাপনা তৈরীর সময় সিটি কর্পোরেশনের জায়গায় অবৈধভাবে স্থাপনা তৈরী করে। এ ব্যাপারে একাধিকবার নোটিশ দেওয়া হলেও ন্যাশনাল ব্যাংক ও প্রগতি ইন্সুরেন্স কর্তৃপক্ষ জায়গাটি অবৈধ দখলমুক্ত করেনি। সর্বশেষ বৃহস্পতিবার সিটি কর্পোরেশনের জায়গা থেকে প্রশাসন ও ওয়াসার সহযোগিতায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ন্যাশনাল ব্যাংকের আইন কর্মকর্তা অপূর্ব কুমার কর জানান, ১৯৯৪ সালে ইসলাম গ্র"প ও জুপিটার বিল্ডার্স এর কাছ থেকে ২ একর ৬৭ শতাংশ জমি কিনে ন্যাশনাল ব্যাংক ও প্রগতি ইন্সুরেন্স, যার দাগ নম্বর ১৫৭৬। এর মধ্যে ব্যাংকের জমি ১ একর ২৫ শতাংশ, বাকীটা প্রগতির। চলতি বছরের মে মাসে সিটি কর্পোরেশন থেকে পাঠানো এক নোটিশে বলা হয় এটি তাদের জায়গা। ন্যাশনাল ব্যাংক ও প্রগতি ইন্সুরেন্স অবৈধভাবে জায়গা দখল করে আছে। তিনি বলেন, "আমরা এ নোটিশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করি। গত ২৪ মে দু'সপ্তাহের জন্য নোটিশের কার্যকারিতা স্থগিত করে রায় দেয় হাইকোর্ট। এরপর ৩ জুন অপর এক রায়ে এ নোটিশের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করা হয়।" তিনি অভিযোগ করেন, সিটি কর্পোরেশনকে হাইকোর্টের এ আদেশ দেখানোর পরও তারা বুলডোজার দিয়ে ন্যাশনাল ব্যাংক ও প্রগতি ইন্সুরেন্সের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা এসময় উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন। এছাড়া এ জমির বিষয়ে ঢাকার সহকারী জজ আদালতে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে একটি মামলাও করা হয়। মামলার আদেশে ওই জমি থেকে উচ্ছেদের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২৩৫০ ঘ.