ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন- নুরুল ইসলাম (২২) ও লোকমান হোসেন (২০)।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই ) ওয়াহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শব-ই-বরাত উপলক্ষে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি ভ্যানে করে ছয়জন মিরপুরের শাহ আলীর মাজারে যাচ্ছিলেন।
পথে রাত সাড়ে ১১টার দিকে ভ্যানটি যাত্রাবাড়ীর সাইনবোর্ড এলাকার সাদ্দাম সুপার মার্কেটের সামনে এলে পেছন থেকে সেটিকে একটি কাভার্ড ভ্যান ধাক্কা দেয়।
এসআই ওয়াহিদুজ্জামান বলেন, "এতে ঘটনাস্থলে ভ্যানযাত্রী নুরুল ইসলাম নিহত হন। আহত হন ভ্যানচালকসহ আরও পাঁচ যাত্রী।"
তিনি জানান, আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর শুক্রবার বিকেলে লোকমান মারা যান। সেখানে চিকিৎসাধীনদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এইচএ/২৩২০ ঘ.
bdnews24