ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বুড়িগঙ্গা নদী এবং ডেমরা থেকে এক শিশু ও এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বুড়িগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। তার নাম রবিন (৮)। সে মানিকগঞ্জের হরিরামপুরের মো. কালামের ছেলে। তারা সূত্রাপুরের কেবি সাহা রোডের শহীদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
এদিকে বৃহস্পতিবার বিকেলে ডেমরার সারুলিয়া এলাকা থেকে গৃহবধূ শাহীনূর আক্তারের (২০) লাশ উদ্ধার করে পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে বুড়িগঙ্গার নীলব্যারাক ধোপাঘাট এলাকা থেকে ভাসমান অবস্থায় শিশু রবিনের লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়।
তিনি আরও জানান, পুরান ঢাকার আশীর্বাদ কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রবিন বুধবার দুপুরে বাসা থেকে বের হয়। এরপর তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) উদয় সাহা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে সারুলিয়ার মালেক ড্রাইভারের টিনশেড বাড়ি থেকে ভাড়াটে গৃহবধূ শাহীনূরের লাশ উদ্ধার করা হয়। তার স্বামীর নাম শাহ আলী।
তিনি আরও জানান, শাহীনূরের গলায় কালচে দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে, স্বামী তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/এইচএ/২৩০০ ঘ.
bdnews24