২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় তিন জেলায় নিহত ৫, আহত ১

বাগেরহাটে যাত্রীবাহী বাস চাপায় শুক্রবার দুপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একইদিন দুপুরে নারায়ণগঞ্জে বাস চাপায় মারা গেছেন এক কলেজ ছাত্র। নরসিংদীতে সন্ধ্যায় পিকআপ ভ্যান চাপায় মারা গেছে দুই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2009, 04:46 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে যাত্রীবাহী বাস চাপায় শুক্রবার দুপুরে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একইদিন দুপুরে নারায়ণগঞ্জে বাস চাপায় মারা গেছেন এক কলেজ ছাত্র। নরসিংদীতে সন্ধ্যায় পিকআপ ভ্যান চাপায় মারা গেছে দুই শিশু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধির পাঠানো সংবাদ- বাগেরহাট: বাগেরহাট-পিরোজপুর সড়কে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন পিরোজপুর শহরের সিআই পাড়া এলাকার তৌহিদ শরীফ (২৮) ও আল আমিন হাওলাদার (৩০)। মোরেলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মহসীন জানান, পিরোজপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু'জন নিহত হন। লাশ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় বাস চাপায় আব্বাস (২২) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এ সময় মহাসড়কে আধাঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। আব্বাস বন্দর উপজেলার মদনপুর নাজিমউদ্দিন ভঁইয়া ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি উপজেলার মদনপুর ফুলহর এলাকার আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, রাস্তা পার হওয়ার সময় একটি যাত্রীবাহী বাস আব্বাসকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় আধাঘণ্টার মতো ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে কয়েক শ' যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নরসিংদী: ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার সৈয়দনগর এলাকায় সন্ধ্যায় পিকআপ ভ্যান চাপায় উপজেলার বাড়ি আলগী গ্রামের রুনা (৮) ও রানু (৬) নামে দুই শিশু নিহত হয়েছে। আহত হিরণকে (৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সার্জেন্ট শরিফুল ইসলাম জানান, বাড়ি আলগী গ্রামের অহেদ আলীর স্ত্রী খোদেজা বেগম তার ছেলে হিরণ, ভাইয়ের মেয়ে রুনা ও রানুকে নিয়ে আত্মীয়ের বাড়ি সৈয়দনগর থেকে দাওয়াত খেয়ে নিজ বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এ সময় উত্তেজিত লোকজন ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শিবপুর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০০ ঘ.