২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"পাহাড় থেকে সেনা প্রত্যাহার নিয়ে বিএনপি জনগণকে বিভ্রান্ত করছে"

পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহার নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি'র বক্তব্য 'জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা' বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---পার্বত্য এলাকা থেকে সেনা প্রত্যাহার নিয়ে প্রধান বিরোধী দল বিএনপি'র বক্তব্য 'জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা' বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বৃহস্পতিবার রাজধানীতে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে এক সংলাপ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, "পার্বত্য শান্তিচুক্তির সময় বিএনপি বলেছিল বাংলাদেশ ভারত হয়ে যাবে, এটা একটি কালো চুক্তি। কিন্তু বিএনপি সরকারের আমলে তারা এ চুক্তি বাতিলও করেনি। বরং ১১টি বৈঠক করেছে। এখন তারা সেনা প্রত্যাহার নিয়ে শুধুমাত্র জনগণকে বিভ্রান্ত করার জন্যে বক্তব্য দিচ্ছে।" সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে গত ২৯ জুলাই ওই অঞ্চল থেকে আগামী সেপ্টেম্বরের মধ্যে তিনটি পদাতিক ব্যাটালিয়নসহ একটি সম্পূর্ণ ব্রিগেড প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। পাহাড় থেকে সৈন্য প্রত্যাহার শান্তি চুক্তির অন্যতম প্রধান শর্ত। আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর হয়। দীপংকর তালুদার জানান, শান্তি চুক্তি অনুযায়ী অস্থায়ী সেনা ক্যাম্পগুলো ধীরে ধীরে প্রত্যাহার করা হবে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা বাহিনী প্রত্যাহার করা হলে সেখানে অশান্ত অবস্থার সৃষ্টি হবে বলে প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে। সংলাপে বিচারপতি গোলাম রব্বানী, আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন-এর মুখপাত্র অধ্যাপক মেসবাহ কামালসহ বিভিন্ন আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এসকে/২২৪৩ঘ.