ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় সাবেক টেলি যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবং সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খানকে অন্তর্বর্তী জামিন দিয়েছে হাইকোর্ট।
এছাড়া সময়মতো নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল না করার অভিযোগে করা মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এ এন এম এহসানুল হক মিলনকে আগাম জামিন দিয়েছে আদালত।
বৃহস্পতিবার হাইকোর্টের পৃথক দুই বেঞ্চ তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
অবৈধ সম্পদ অর্জন মামলায় ঢাকার বিশেষ আদালত গত বছরের ২০ মে আমিনুল হককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিল।
২০০৭ সালের ৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকার রমনা থানায় মামলাটি দায়ের করে। মামলায় তার বিরুদ্ধে ৭৬ লাখ ৭৪ হাজার ৬৩৭ টাকার অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এ মামলায় বিচারপতি আব্দুল ওয়াহ্হাব মিয়া ও বিচারপতি আব্দুর রাজ্জাকের বেঞ্চ ব্যারিস্টার আমিনুল হককে এক বছরের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।
জামিন আবেদন পরিচালনা করেন ব্যারিস্টার রফিক-উল-হক।
জঙ্গি মদদের মামলায় বিএনপি নেতা আমিনুলসহ ২৫ জনকে ২০০৭ সালের ২৬ জুলাই ৩১ বছর ৬ মাস কারাদণ্ড দেয় রাজশাহীর একটি আদালত।
একই বেঞ্চ এহসানুল হক মিলনকে ছয় মাসের আগাম জামিন মঞ্জুর করে।
গত ২৮ জুলাই চাঁদপুর জেলার রিটার্নিং কর্মকর্তা মিছবাহ উদ্দিন আহমেদ চাঁদপুরে মিলনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
মামলায় তার বিরুদ্ধে সময়মতো নির্বাচনী হিসাব দাখিল না করার অভিযোগ আনা হয়।
মিলনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এস এ মনির।
দুইটি দুর্নীতির মামলায় সাবেক পররাষ্ট্র মন্ত্রী মোরশেদ খানের ছেলে ফয়সাল মোরশেদ খানকে ছয় মাসের অন্তর্বর্তী জামিন দেয় বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইস উদ্দীনের বেঞ্চ।
অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলায় গত বছরের ২০ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত ফয়সালকে ১০ বছরের কারাদণ্ড দেয়।
২০০৭ সালের ১০ ডিসেম্বর দুদকের সহকারী পরিচালক খালেকুর রহমান গুলশান থানায় ফয়সালের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
গাড়ি কেনায় জামায়াতে ইসলামীর সাবেক সাংসদ মো. শাহজাহান চৌধুরীকে সহায়তার দুর্নীতি মামলায় নিু আদালত ২০০৮ সালের ১৩ এপ্রিল ফয়সালকে সাত বছরের কারাদণ্ড দিয়েছিল।
২০০৭ সালের ১ জুলাই দুদকের উপ-পরিচালক আবুল কালাম আজাদ চট্টগ্রামের বন্দর থানায় শাহজাহান ও ফয়সালের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল।
ফয়সালের জামিনের আবেদনেও শুনানি করেন ব্যারিস্টার রফিক-উল-হক। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম ও মো. সাহিদ সারওয়ার কাজল।
গত ২ আগস্ট আত্মসমর্পণের পর ফয়সালকে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এজে/এসকে/২০৪৬ঘ.
bdnews24