ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর উপকণ্ঠে কেরানীগঞ্জে বুধবার চালককে কুপিয়ে মাইক্রোবাস ছিনতাই করেছে সন্ত্রাসীরা।
আহত চালক মো. বাবলু (৩৫) কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে পর পর দু'দিন রাজধানীতে দু'টি গাড়ি ছিনতাই হলো।
এর আগে মঙ্গলবার সকালে মীরপুরে অস্ত্রের মুখে এক সেনা কর্মকর্তার গাড়ি ছিনতাই করে সন্ত্রাসীরা।
চালক বাবলুর ভাই খলিলুল্লাহ জানান, ইকুরিয়ায় ঢাকা-মাওয়া মহাসড়কের ওপর থেকে বেলা আড়াইটার দিকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে একটি লাল রঙের টয়োটা নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ৫১-৭২১১) নিয়ে যায়।
খলিলুল্লাহ জানান, বাবলু ধোলাইপাড়ের কৌশিক 'রেন্ট এ কার' এ গাড়ি চালাতেন।
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ফরিদ হোসেন জানান, গাড়ি ছিনতাইয়ের ঘটনা তারা শুনেছেন। তবে কোনও অভিযোগ পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২২০৮ঘ.
bdnews24