ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংক বলেছে, গত এক দশকে উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধি সত্ত্বেও দক্ষিণ এশিয়ায় অপুষ্টির শিকার শিশুদের হার সবচেয়ে বেশি।
বুধবার বিশ্ব ব্যাংকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক ব্যবস্থাপক জুলি ম্যাকলাফলিন এক সংবাদ সম্মেলনে একথা জানান।
তিনি বলেন, "দক্ষিণ এশিয়ায় ৪৫ শতাংশ শিশুই পুষ্টি স্বল্পতায় ভুগছে যা সাব-সাহারান আফ্রিকান দেশগুলোর শিশুদের পুষ্টি স্বল্পতার মাত্রার চেয়ে বেশি। ওই অঞ্চলে অপুষ্টিতে ভোগা শিশুদের হার ২৮ শতাংশ।"
বিশ্ব ব্যাংকের প্রতিযোগিতামূলক মঞ্জুরি সহায়তা কর্মসূচি 'ডেভেলপমেন্ট মার্কেটপ্লেস' উপলক্ষে রাজধানীতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
বিশ্ব ব্যাংকের সফররত দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ইসাবেল গুয়েরেরো ডেভেলপমেন্ট মার্কেটপ্লেস শীর্ষক এই অনুদান প্রতিযোগিতার আয়োজক।
এতে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কার সুশীল সমাজের ৬০টি সংগঠন মোট ২০টি অনুদান পাওয়ার প্রতিযোগিতায় অংশ নেয়। এতে তারা পুষ্টি পরিস্থিতির উন্নয়নে সৃজনশীল ধারণা উপস্থাপন করে। সবচেয়ে সৃজনশীল ও উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে বিশ্ব ব্যাংক প্রতি প্রকল্প প্রস্তাবের জন্য সর্বোচ্চ ৪০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অনুদান দেবে।
বাংলাদেশের তিনটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি), কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড অব বাংলাদেশ, ট্রেনিং অ্যান্ড অ্যাসিসটেন্স ফর হেলথ অ্যান্ড নিউট্রিশন ফাউন্ডেশন এ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এএল/এইচএ/২০৫৬ ঘ.
bdnews24