অলীপ ঘটক ও সুবীর রায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
খুলনা/বাগেরহাট, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এন্ড্রু আশীষ হালদার স্ত্রী ও মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে কর্মস্থলে যান। রোজকার মতো বৃহস্পতিবারও মোটর সাইকেল নিয়ে চলছিলেন তিনি। কিন্তু তা আর হল না। একটি পিকআপের ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল পুরো পরিবারের।
সকালে খুলনা নগরীর খানজাহান আলী সেতুর ওপর এক দুর্ঘটনায় আশীষ পরিবার প্রাণ হারায় বলে জানিয়েছেন খুলনা থানার সহকারী উপরিদর্শক (এএসআই) মনিরুল ইসলাম।
আশীষ (৪০) ছিলেন বেসরকারি প্রতিষ্ঠান হিড-এর এরিয়া ম্যানেজার। স্ত্রী ইস্তেরা হালদার (৩৫) রূপসা উপজেলার হোম অব জয় স্কুলে শিক্ষকতা করতেন। চার বছর বয়সি অবন্তী পড়ত মায়ের স্কুলেই।
আশীষের বাসা খুলনা নগরীর খানজাহান আলী সড়কে। সেখান থেকে প্রতিদিন স্ত্রী ও মেয়েকে স্কুলে নামিয়ে কর্মস্থলে যেতেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন হোম অব জয় স্কুলের প্রধান শিক্ষক জন এন্টনি সার্জন।
স্কুলটি রূপসা উপজেলার তিলক এলাকায়। রূপসা উপজেলা আর খুলনা নগরীর সংযোগ সেতু হলো খানজাহান আলী সেতু।
পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আশীষ স্ত্রী ও মেয়েকে নিয়ে মোটর সাইকেলে করে যাচ্ছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে সেতুর ওপর বিপরীতমুখী একটি পিকআপের ধাক্কায় ছিটকে পড়েন মোটর সাইকেলের তিন আরোহী।"
এতে ঘটনাস্থলেই ইস্তেরা ও অবন্তী মারা যান। আশীষকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মনিরুল।
থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান আলী জানিয়েছেন, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24