বাগেরহাট, আগস্ট ০৫ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে বাগেরহাটে ১০ 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।
বুধবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আব্দুস সালাম খানের আদালতে মামলাটি দায়ের করেন মোরেলগঞ্জ উপজেলার গাবতলা গ্রামের আলেয়া বেগম।
আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মোরেলগঞ্জ থানাকে নির্দেশ দিয়েছেন।
মামলার আসামিরা হলেন, মোরেলগঞ্জ উপজেলার খাউলিয়া গ্রামের মোসলেম উদ্দিন (৮০), শরিফুল ইসলাম (৬০), সদর উপজেলার মোহম্মদ আলী (৫৫), আব্দুস সালাম (৫০), গোয়ালবাড়িয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম শরীফ (৬০), পূর্ব সরালিয়া চৌদ্দঘর গ্রামের আমির আলী তালুকদার (৫৫), শাহ আলম তালুকদার (৫৫) ও আব্দুল আজিজ তালুকদার (৬০), খারইখালি গ্রামের আব্দুল মান্নান শরীফ (৬৫) এবং মোরেলগঞ্জের আবু হুরাইয়াহ মাদ্রাসার শিক্ষক আব্দুল আলিম খান (৫৫)।
মামলার এজাহারে আসামিদের 'রাজাকার' বলে উল্লেখ করা হয়।
মামলার এজাহারে বলা হয়, মুক্তিযুদ্ধের সময় (১৯৭১ সাল) বাংলা সনের ৩ ভাদ্র সকাল ৯টায় আসামিরা বাদীর বাড়ি থেকে তার স্বামী মনোহর তালুকদারকে ধরে নিয়ে যায়। এ সময় তারা মনোহর তালুকদারকে মারধর করে এবং ঘরের মালামাল লুট করে। পরে মোরেলগঞ্জ থানার সামনে পানগুছি নদীর পাড়ে নিয়ে তাকে গুলি করে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী জানান, আদালত থেকে মামলার কপি থানায় আসার পর নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৭৫০ ঘ.
bdnews24