কুমিল্লা,আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ১৫ ঘণ্টা প্রচণ্ড যানজটের পর বুধবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।
তিনটি পৃথক দুর্ঘটনার কারণে মঙ্গলবার রাত ২টা থেকে এ সড়কে যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যানবাহন অপসারণ এবং যানবাহন নিয়ন্ত্রণের মাধ্যমে হাইওয়ে পুলিশ যানজট মুক্ত করে।
মেঘনা সেতু থেকে মোঘনা-গোমতী সেতু পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার পথে শত শত গাড়ি আটকে গিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কুমিল্লা প্রতিনিধি জানান, মঙ্গলবার রাত ২টার দিকে কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর ওপর একটি মালবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। কিছুক্ষণ পর গজারিয়ায় মেঘনা সেতুর ওপর দুর্ঘটনার কবলে পড়ে আরেকটি ট্রাক ও পিকআপ।
এরপর বুধবার ভোর পাঁচটার দিকে দাউদকান্দির হাসানপুরে ট্রাক ও কাভার্ড ভ্যানের মধ্যে তৃতীয় দুর্ঘটনাটি ঘটলে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
এতে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনা সেতু এলাকা থেকে কুমিল্লার চান্দিনার গোমতী সেতু পর্যন্ত প্রায় ৪০কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়।
প্রতিনিধি বলেন, দাউদকান্দি, গজারিয়া ও চান্দিনা হাইওয়ে পুলিশ দুঘটনা কবলিত গাড়িগুলো অপসারণ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে যানজট নিরসন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এএল/এসকে/ডিডি/এসকে/২০১৯ঘ.
bdnews24