২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ১২১টি মামলা তুলে নেওয়ার সুপারিশ

'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় আরও ১২১টি মামলা প্রত্যাহার করছে সরকার। মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির পঞ্চম বৈঠকে বুধবার ১২১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2009, 09:02 AM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'রাজনৈতিক হয়রানিমূলক' বিবেচনায় আরও ১২১টি মামলা প্রত্যাহার করছে সরকার। মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির পঞ্চম বৈঠকে বুধবার ১২১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। এ নিয়ে কমিটি পাঁচ দফায় মোট ৩৬৪টি মামলা প্রত্যাহারের সুপারিশ করল। এর অধিকাংশই আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা। বুধবারের বৈঠকে মোট ৩০৮টি মামলা নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ২৮০টি দণ্ডবিধির এবং ২৮টি দুর্নীতি দমন কমিশনের দায়ের করা। 'রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত আবেদন যাচাই-বাছাই কমিটি'র চেয়ারম্যান কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, দণ্ডবিধির ২৮০টি মামলার মধ্যে প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে ১০২টি মামলা। ৩৬ টি মামলা প্রত্যাহার যোগ্য নয় বলে সুপারিশ করেছে কমিটি। বাকি ১৪১টি মামলা নিয়ে পরের সভায় আলোচনা হবে। প্রতিমন্ত্রী জানান, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা ২৮টি মামলার মধ্যে প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে ১৯টি। চারটি প্রত্যাহার যোগ্য নয় বলে সুপারিশ করা হয়। বাকি ৫টি পরের সভায় আলোচনা হবে। গত ১২ জুলাই (সোমবার) মামলা প্রত্যাহারের আবেদন করার শেষ সময় ছিল। বুধবার প্রত্যাহারের সুপারিশ করা মামলার মধ্যে আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রীর দুটি, সিলেটের মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানের তিনটি, এইচবিএম ইকবালের আটটি, নূরে আলম চৌধুরী লিটনের তিনটি, হাজি মকবুল হোসেনের একটি, একেএম রহমতউল্লাহর একটি, হাজি সেলিমের আটটি ও ডেপুটি স্পীকার শওকত আলীর দুটি মামলা রয়েছে। বিএনপির কোনো নেতা-কর্মীর মামলা প্রত্যাহার করার আবেদন এখনও আসেনি বলে কামরুল ইসলাম জানান। তিনি বলেন, "যখনই আবেদন আসবে সিরিয়াল অনুযায়ী তা প্রত্যাহার করার সুপারিশ করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষকের সাজার আদেশ বাতিলের প্রসঙ্গ তুলে ধরে আইন প্রতিমন্ত্রী বলেন, বিচার বিভাগ এখন সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। ওই সময় (তত্ত্বাবধায়ক সরকারের সময়) আদালত ও দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীনভাবে কাজ করতে পারেনি। তিনি বলেন, "আমরা আদালত ও দুদককে স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা দেব। যেসব মামলা আমরা প্রত্যাহারের সুপারিশ করেছি তা আদালত ও দুদক চুলচেরা বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্ত দেবে।" এর আগের বিএনপি সরকারের কায়দায় আওয়ামী লীগ সরকার বিগত বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকারের সময়কার 'রাজনৈতিক হয়রানিমূলক' মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটি গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/এমআই/১৫১০ ঘ.