নারায়ণগঞ্জ, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদাবাজির মামলায় নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপিদলীয় সাবেক সাংসদ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।
মঙ্গলবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মুহাম্মদ জালালউদ্দিন এ রায় দেন।
রায়ে মামলার অপর ছয় আসামিকেও খালাস দেওয়া হয়েছে। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।
তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ১০ এপ্রিল বাংলাদেশ চুনা প্রস্তুতকারক মালিক সমিতির সহ-সভাপতি আবু তালেব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেন।
মামলার অপর আসামিরা হলেন- গিয়াসউদ্দিনের সহযোগী আলাউদ্দিন মুন্সী, হযরত আলী, জসীমউদ্দিন, জালালউদ্দিন, ইউনুস আলী ও চাঁন মিয়া।
মামলায় অভিযোগ করা হয়, বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ মার্চ থেকে ২০০৬ সালের ২৭ জানুয়ারি পর্যন্ত সময়ে ভয়ভীতি দেখিয়ে চুনা ব্যবসায়ীদের কাছ থেকে সাংসদ গিয়াসউদ্দিন ও তার সহযোগীরা ৮৩টি চেকের মাধ্যমে সোয়া চার কোটি টাকা চাঁদা আদায় করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক চৌধুরী তরিকুল ইসলাম ২০০৭ সালের ১০ অক্টোবর এজাহারভুক্ত গিয়াসউদ্দিন ও তার সহযোগী আলাউদ্দিন মুন্সী, হযরত আলী, চাঁন মিয়া, জসিমউদ্দিন ও এজাহার বর্হিভুত জালালউদ্দিন ও ইউনুস আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় আব্দুল হাই রাজুকে অব্যাহতি দেওয়া হয়।
আইনজীবীরা জানান, তদন্ত কর্মকর্তা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে উল্লেখ করে সাত জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বাদী ও সাক্ষীরা তাদের অবস্থান পরিবর্তন করেন।
তারা জানান, ক্রসফায়ারের ভয় দেখিয়ে তাকে দিয়ে মামলাটি করানো হয়েছে বলে বাদী আদালতকে বলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২৯ ঘ.
bdnews24