ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভ মামলার রায় বাতিলের প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেছেন, গণতান্ত্রিক সরকারের সময়ে বিচার বিভাগের স্বাধীনতার জন্যই এ সুবিচার পাওয়া সম্ভব হয়েছে।
শিক্ষকদের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত ঢাবির তিন শিক্ষক আনোয়ার হোসেন, হারুন অর রশীদ ও সদরুল আমিনকে দোষী সাব্যস্ত করে দেওয়া নিু আদালতের রায় বাতিল করেন।
রায়ের প্রতিক্রিয়ায় অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশে যেহেতু নির্বাচিত গণতান্ত্রিক এবং মুক্তিযুদ্ধের সরকার রয়েছে, তাই এ ন্যায় বিচার সম্ভব হয়েছে। বিচার ব্যবস্থায় সেনা গোয়েন্দা সংস্থার যে হস্তক্ষেপ ছিলো এখন তা নেই বলেই হয়তো এ সুবিচার সম্ভব হয়েছে।"
তিনি আরো বলেন, "বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিতের ফলেই বিচারকরা নিশ্চিন্তে এ সুবিচার করতে পেরেছেন। তথাকথিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনা গোয়েন্দা সংস্থার লোকেরা যে ভীতির সৃষ্টি করেছিল তা আরো পরিষ্কার হওয়া দরকার।"
শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘটিত ওই ঘটনা পুনঃতদন্তের যে সুপারিশ করেছে তাকে ইতিবাচক বলে অভিহিত করেন আনোয়ার হোসেন।
তিনি বলেন, "এতে বোঝা যাচ্ছে, গণতান্ত্রিক সরকারের সময়ে বিচার বিভাগসহ সকল স্তরে স্বাধীনতা নিশ্চিত হয়েছে।"
অন্য শিক্ষক কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বলেন, "গণতান্ত্রিক সরকারের সময়ে এ ধরনের সুবিচার পেয়ে আমি খুবই খুশি। কৃতজ্ঞ ছাত্র-শিক্ষকসহ সকলের প্রতি।"
তিনি বলেন, "যে অবিচার করা হয়েছিল তার ন্যায্য বিচার হয়েছে। আশা করি, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর ঘটবে না।"
বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদকে টেলিফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনা সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘাত বাধে। এর জের ধরে সারাদেশে সহিংস ছাত্রবিক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষক ও বেশ কয়েকজন ছাত্রকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শিক্ষকদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে জরুরি বিধিমালা ভঙ্গ করে মিছিল-সমাবেশে উস্কানি দেওয়ার মামলায় ঢাকার তিন নম্বর দ্রুত বিচার হাকিমের আদালত তিন শিক্ষককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এজে/এসকে/১৯৩৭ঘ.
bdnews24