হবিগঞ্জ, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আসামিকে নির্যাতনের মামলায় হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলার বিথঙ্গল পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাফায়েত হোসেনকে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়েছে।
দুপুরে হবিগঞ্জের আমলী আদালতে হাজির হলে বিচারক শহিদুল আমিন এসআই শাফায়েতকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদীপক্ষের আইনজীবী কামাল হোসেন জানান, গত বছরের ১৩ ডিসেম্বর জমি দখল সংক্রান্ত মামলায় চুনারুঘাট উপজেলার আশ্রাবপুর গ্রামের সজল আনসারীকে গ্রেপ্তার করা হয়। ওই সময় এসআই শাফায়েত চুনারুঘাট থানায় কর্মরত ছিলেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সজল নির্যাতনের মামলা করেন শাফায়েতের বিরুদ্ধে।
মামলায় সজল অভিযোগ করেন, এসআই শাফায়েত তাকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে হাতকড়া লাগিয়ে বন্দুকের বাট দিয়ে মারধর করেন এবং বুট পায়ে লাথি মারাসহ নানা ধরনের নির্যাতন করেন। তিনি কারা হাসপাতাল ও হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ এসআই শাফায়েতের বিরুদ্ধে প্রতিবেদন দেন।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী এসআই শাফায়েতকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৯১৯ ঘ.
bdnews24