ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক আনোয়ার হোসেন, হারুন অর রশীদ ও সদরুল আমিনের দোষী সাব্যস্তের রায় বাতিল করেছে আদালত।
শিক্ষকদের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল বাসার এ রায় দেন।
এ মামলায় হাকিম আদালত তিন শিক্ষককে ২ বছর বিনাশ্রম কারাদণ্ড দেয়। তবে রাষ্ট্রপতি সাজা মওকুফ করায় মুক্তি পান তারা।
জজ আদালতের রায়ে তিন শিক্ষককে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনার তদন্ত করার সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়েছে শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি।
জরুরি অবস্থার মধ্যে ২০০৭ সালের ২০ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সেনা সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘাত বাধে। এর জের ধরে সারাদেশে সহিংস ছাত্রবিক্ষোভ দেখা দেয়। কয়েকদিনের জন্য অচল হয়ে পড়ে দেশের শিক্ষাঙ্গন।
ওই সময় ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ অনেক ছাত্রকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অবস্থায় তাদের ওপর নির্যাতন চালানো হয় বলেও অভিযোগ রয়েছে।
শিক্ষকদের বিরুদ্ধে একাধিক মামলা হয়। এর মধ্যে জরুরি বিধিমালা ভঙ্গ করে মিছিল-সমাবেশে উস্কানি দেওয়ার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় ২০০৮ সালের ২২ জানুয়ারি ঢাকার তিন নম্বর দ্রুত বিচার হাকিম মো. গোলাম রব্বানী তিন শিক্ষককে ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ছাত্র-শিক্ষকসহ বিভিন্ন মহলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ ওই দিনই সংবিধানপ্রদত্ত ক্ষমতাবলে শিক্ষকদের ক্ষমা করেন।
কিন্তু রাষ্ট্রপতি শুধুমাত্র শাস্তির আদেশ মওকুফ করেছেন, দোষী সাব্যস্তের রায় মওকুফ করেননি এই যুক্তিতে সাজাপ্রাপ্ত শিক্ষকরা গত বছরের ২৫ ফেব্র"য়ারি আপিল আবেদন করেন।
শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন রোববার বলেন, "আগস্টের ওই ঘটনাটি ছিল সাজানো ও ন্যক্কারজনক। এর তদন্ত আমরা করব।"
ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন এবং বিচারপতি হাবিবুর রহমান নেতৃত্বাধীন বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদন চাওয়ার সিদ্ধান্তও হয়েছে বলে মেনন জানান।
তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন প্রভাবিত করতে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা-ডিজিএফআই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছিল কিনা, তাও খতিয়ে দেখা হবে।"
সরকার অন্যসব মামলা প্রত্যাহার করে নিলেও শাহবাগে সেনাবাহিনীর গাড়ি পোড়ানোর ঘটনায় দায়ের হওয়া মামলাটি প্রত্যার করেনি। মামলাটির বিচার বর্তমানে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/১৬৩০ ঘ.
bdnews24