ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরের পীরগঞ্জ উপজেলায় সোমবার সকালে মাছ বোঝাই একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে দুপুরে মাইক্রোবাস উল্টে মারা গেছেন একজন। আহত হয়েছেন আরও চারজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর:
রংপুর: পীরগঞ্জ উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বড়দরগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রংপুর-ঢাকা মহাসড়কে দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
বড়দরগা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) দীন মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রংপুরগামী কাভার্ড ভ্যানের সঙ্গে রংপুর থেকে বগুড়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক ঘটনাস্থলেই নিহত হন।"
গুরতর আহত অবস্থায় কাভার্ড ভ্যান চালককে রংপুরে নেওয়ার পথে তিন মারা যায়।
নিহত ট্রাক ও কাভার্ড ভ্যান চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
টাঙ্গাইল: কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে ঢাকা-বঙ্গবন্ধসেতু মহাসড়কে মাইক্রোবাস উল্টে নিহত হয়েছেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেনের স্ত্রী জায়েদা বেগম (৫৫)। তার মেয়ে দোলাসহ আহত হয়েছেন আরও চারজন।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) সাইদুল ইসলাম।
তিনি জানান, মাইক্রোবাসে করে চেয়ারম্যানের স্ত্রী ও মেয়ে ঢাকায় যাচ্ছিলেন। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২০ ঘ.
bdnews24