ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মন্ত্রিসভা গণপ্রতিনিধিত্ব আদেশ ২০০৯-এর সংশোধনী প্রস্তাব চূড়ান্ত অনুমোদন করেছে।
এর ফলে রাজনৈতিক দলগুলোর সংশোধিত গঠনতন্ত্র নির্বাচন কমিশনে জমা দেওয়ার সময়সীমা ৬ মাস বাড়লো। ২৫ জুলাই থেকে ৬ মাস হিসাব করা হবে।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, "মন্ত্রিসভায় আরপিও-২০০৯ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। ১৯৭২ সালে আইনটি ছিল। পরবর্তী পর্যায়ে তিন দফা সংশোধন করে আইন করা হয়। আজকে অধ্যাদেশ আকারে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উত্থাপন করা হয়।"
তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনৈতিক দলগুলোকে স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার জন্য ছয় মাস সময় দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ছয় মাসের মধ্যে ওই গঠনতন্ত্র জমা দিতে হবে। সেই হিসেবে ২৫ জানুয়ারি থেকে এর সময়সীমা ছিল ২৪ জুলাই পর্যন্ত।
তিনি বলেন, ২৪ জুলাইয়ের মধ্যে অনেক রাজনৈতিক দল তাদের সংশোধিত স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে পারেনি। এছাড়া অনেকগুলো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করেছে।
অধ্যাদেশটি নিয়ে আলোচনার সময় মন্ত্রিসভায় বলা হয়েছে, যদি সময়সীমা না বাড়ানো হয় তাহলে রাজনৈতিক দলগুলোর ভবিষ্যত কী হবে।
প্রেস সচিব জানান, "এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোন কোন রাজনৈতিক দল গঠনতন্ত্র সংশোধন করে জমা দিয়ে নিবন্ধন পেয়েছে তার একটি তালিকা থাকা উচিত।
"কোন কোন দল জমা দিয়ে নিবন্ধন পায়নি তার তালিকা থাকা উচিত। আর কোন কোন রাজনৈতিক দল জমা দেয়নি এবং সময়সীমা বাড়ানোর আবেদন করেছে তাদেরও একটি তালিকা থাকা উটিত।"
"আজকে যদি চূড়ান্ত অনুমোদন না দেওয়া হয় তাহলে জটিলতার সৃষ্টি হবে। ছয় মাস সময় বাড়ানোর পর যদি শর্ত পূরণ করে গঠনতন্ত্র জমা না দিয়ে নিবন্ধন করতে না পারে সেক্ষেত্রে কী হবে তা-ও অধ্যাদেশে থাকা উচিত।"
প্রেস সচিব আরও জানান, বৈঠকে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০০৯ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
আজাদ বলেন, এই আইন না থাকায় এসব প্রতিষ্ঠানের কর্মকর্তাদের অবসর ভাতা দিতে জটিলতা তৈরি হয়।
এছাড়া বাংলাদেশ জাতীয় বিজ্ঞান ও কারিগরি তথ্য সংগ্রহ বিতরণ কেন্দ্র (ব্যান্সডক) আইন-২০০৯ এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে ।
বৈঠকে ৩৬তম ওআইসি'র পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদন এবং জেনেভায় অনুষ্ঠিত ৯৮তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত প্রতিবেদন নিয়ে আলোচনা হয়।
গত ২১ জুলাই নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র জমা দেওয়ার সময়সীমা ২০১০ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানোর সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধনের জন্য সরকারের কাছে সুপারিশ করে।
এ সম্পর্কে সিইসি এটিএম শামসুল হুদা ওই সময় বলেন, "আইনে ছয় মাস সময় দেওয়া ছিল, এখন আমরা তা ১২ মাস করার সুপারিশ করেছি। সরকার তা অধ্যাদেশ বা আইন আকারে সংশোধন করলে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত তা বলবৎ থাকবে।"
বর্তমান আইন অনুযায়ী, গত ২৫ জুলাই রাজনৈতিক দলগুলোর স্থায়ী গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। প্রধান বিরোধী দল বিএনপি ওই সময় ২০১০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়ানোর আবেদন জানায়। আরও ১১টি দল সময় বাড়ানোর আবেদন জানিয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে ইসি সময় বাড়ানোর ওই সুপারিশ করে।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ইসি দেশে সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোকে নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে নিবন্ধনের আইন রেখে গণপ্রতিনিধিত্ব আদেশে সংশোধনী আনা হয়। তবে জরুরি অবস্থার কারণে রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত পূরণে নতুন গঠনতন্ত্র চূড়ান্ত করতে না পারায় আইনে স্থায়ী গঠনতন্ত্র জমা দিতে নির্বাচনের পর ছয় মাস সময় দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/১৪৫০ ঘ.
bdnews24