২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিচারককে অবসরে পাঠানোর আদেশ বাতিল করলো সরকার

জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহাসচিবকে অবসর দেওয়ার আদেশ বাতিল করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2009, 07:08 AM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহাসচিবকে অবসর দেওয়ার আদেশ বাতিল করে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার আইন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত পৃথক দুটি আদেশে বলা হয়, "সরকার জনস্বার্থে ঢাকার জেলা ও দায়রা জজ মো. আবদুল গফুর এবং গাজীপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. শাহজাহানকে সরকারি কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪ এর ধারা ৯ (২) এর বিধান বলে চাকরি থেকে অবসর প্রদান সর্ম্পকিত গত ৩০ জুলাইয়ের জারি করা প্রজ্ঞাপন রহিত করলো।" এ আদেশ গত ৩০ জুলাই থেকেই কার্যকর হবে বলে জানানো হয়। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলে বৃহস্পতিবার এই দুই বিচারককে অবসরে পাঠানো হয়। আইনমন্ত্রী শফিক আহমেদ রোববার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, "রাষ্ট্রপতি তার ক্ষমতাবলে দুই বিচারককে অবসর দিয়েছিলেন। একইভাবে তিনি এখন তার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত বাতিল করা উদ্যোগ নিয়েছেন।" বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসনে 'সদাচরণ এবং শৃংঙ্খলা বজায় রাখতে' সরকার জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি এবং মহাসচিবকে অবসর দেওয়া হয়েছে। গত ২৭ জুলাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়কে বিভক্ত করে 'লেজিসলেটিভ অ্যান্ড পার্লামেন্টারী অ্যাফেয়ার্স' এবং 'ল অ্যান্ড জাস্টিস অ্যাফেয়ার্স' করার প্রস্তাবিত খসড়ায় চূড়ান্ত করার প্রক্রিয়ায় অ্যাসোসিয়েশনকে সম্পৃক্ত না করার প্রতিবাদ জানাতে সংগঠনটির প্রায় দেড় শতাধিক সদস্য আইন মন্ত্রণালয়ে যান। ওই সময় সেখানে পুলিশ গেলে হট্টগোল দেখা দেয়। এর পরই দুই বিচারককে অবসরে পাঠানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এইচএ/১৩১৩ ঘ.