২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দু'জঙ্গি ফের রিমান্ডে, একজন কারাগারে

সাতক্ষীরায় আটক জঙ্গি ওবায়দুল্লাহ ও মোনতাজকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আবারও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 04:25 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

সাতক্ষীরা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় আটক জঙ্গি ওবায়দুল্লাহ ও মোনতাজকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার আবারও দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সদর থানার উপ-পরিদর্শক আব্দুস সবুর রোববার ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম এসএম নাসিম রেজার আদালতে ওবায়দুল্লাহ ও মোনতাজকে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একইদিন আরেক জঙ্গি হাসানুজ্জামান হাসানকে দুই দফায় ১৫ দিন রিমান্ড শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হাসানের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অমল কুমার রায় তাকে আদালতে হাজির করে আর রিমান্ড আবেদন করেননি। উপ-পরিদর্শক আব্দুস সবুর আরও জানান, ওবায়দুল্লাহ ও মোনতাজ আলীকে গত ২৩ জুলাই ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়। এর মধ্যে ২৬ থেকে ৩০ জুলাই পর্যন্ত তাদের ঢাকায় টিএফআই সেলে গোয়েন্দা কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করেন। ৩১ জুলাই তাদের রিমান্ড শেষ হয়। গত ১৭ জুলাই হাসানুজ্জামান হাসানকে সাতক্ষীরা শহরের রসুলপুর থেকে, ২২ জুলাই মোনতাজকে তালা উপজেলার একটি চিংড়ি ঘের থেকে এবং ২৩ জুলাই ওবায়দুল্লাহকে সদর উপজেলার কামালনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩৫ ঘ.