সিলেট, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেট নগরীতে শনিবার রাতে দুটি মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ঘটনাস্থল থেকে ১৩ জনকে গ্রেপ্তার করেছে। রোববার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর ছড়ারপার ও মাছিমপুরের দুই শিশুর মধ্যে মারামারির ঘটনার জের ধরে রাত ১০টার দিকে এ দুই মহল্লার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। দফায় দফায় প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুপক্ষের মধ্যে কাঁচের বোতল ও ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। এক পর্যায়ে বিদ্যুৎ চলে যায়। তখন দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়।
সংঘর্ষ চলাকালে দু'টি মুদি ও একটি চায়ের দোকান ভাঙচুর হয় বলে তারা জানান।
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সংঘর্ষ বন্ধের চেষ্টা করে ব্যর্থ হন। পরে পুলিশ ও র্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে আহতরা হলেন- শফিকুল (৩০), লিমন (১৪), সুমন (২৫), সোহাগ (২০), রাসেল (২৫), রনি (২২), হাছন (১৮), মিলাদ (২০), রুশো (২৮), সুমেল (২০)।
এর মধ্যে শফিকুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটককৃতরা হলেন- শরীফ (২৫), আব্দুল খালেক (২০), খালেদ আহমদ (৩০), আফরোজ আলী (৪৫), শফিক (২০), জাবেদ (২৪), আবুল কালাম দিপু (২৫), দিনার আহমদ (২৫), বিনাভূষণ (২৫), আব্দুল মালেক (২৫), খলিলুর রহমান (২২), লোকমান মিয়া (২৩) ও ফখরুল ইসলাম (২৪)।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা হয়েছে।
মেয়র বদরউদ্দিন আহমদ কামরান বলেন, সংঘর্ষের ঘটনায় রোববার সন্ধ্যায় দুই মহল্লার লোকজনের মধ্যে সমঝোতা বৈঠক হওয়ার কথা আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১০ ঘ.
bdnews24