ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ করে গ্যাসের মূল্য বাড়ানোর সিদ্ধান্তকে অবিবেচনাপ্রসূত অভিহিত করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
রোববার দলটির সভাপতি মনজুরুল আহসান খান ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
গত শনিবার (১ আগস্ট) থেকে বিভিন্ন খাতে গ্যাসের মূল্য ১১ দশমিক ২২ শতাংশ বাড়ানো হয়েছে। এর আগে ২০০৫ সালের ১ জানুয়ারি সর্বশেষ গ্যাসের দাম বাড়ানো হয়।
বিবৃতিতে সিপিবি নেতারা বলেন, দেশের উৎপাদন ব্যবস্থা ও জনগণের দুর্ভোগের কথা বিবেচনায় না নিয়ে হঠাৎ করে গ্যাসের বর্ধিত মূল্য কার্যকর করা সরকারের অবিবেচনাপ্রসূত সিদ্ধান্ত। এ ধরনের কর্মকাণ্ড কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।
তারা আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা কমলেও সামগ্রিক জীবনযাত্রার ব্যয় সাধারণ মানুষের আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
গ্যাসের দাম বৃদ্ধি জনজীবনের ওপর বিরূপ প্রভাব ফেলবে জানিয়ে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে সিপিবি।
বিবৃতিতে গ্যাসের দাম না বাড়িয়ে এ খাতে দুর্নীতি ও অপচয় রোধে সঠিক ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এমআই/১৭৪০ ঘ.
bdnews24