চট্টগ্রাম, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর দামপাড়া এলাকা থেকে শনিবার রাতে ৭৭০টি ইয়াবা ট্যাবলেটসহ মিয়ানমারের এক নাগরিককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমানের (৩২) বাড়ি মিয়ানমারের মন্ডু জেলার রে-চাইক্ষ্যামে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দামপাড়ায় সৌদিয়া পরিবহনের বাস কাউন্টারের সামনে রাত ৮টার দিকে ৭৭০টি ইয়াবা ট্যাবলেটসহ রহমানকে গ্রেপ্তার করা হয়।"
রহমান চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের জন্য মিয়ানমার থেকে এসব ট্যাবলেট নিয়ে এসেছিল বলে র্যাব জানায়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে র্যাব কর্মকর্তা মিজানুর জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এফএফ/এমআই/১৫০০ ঘ.
bdnews24