মৌলভীবাজার, আগস্ট ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে ডুবে যাওয়া এক শিক্ষার্থীর লাশ শনিবার রাতে উদ্ধার করা হয়েছে।
খোন্দকার রিয়েল (১৯) নামে ওই শিক্ষার্থী ঢাকার উত্তরখান অনোয়ারা মডেল কলেজে পড়তেন।
ডুবে যাওয়ার ১৩ ঘণ্টা পর রাত দেড়টার দিকে লাশ পাওয়া যায় বলে জানিয়েছেন বরলেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আজাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা থেকে আসা দমকল বাহিনীর দুই ডুবুরি শনিবার রাত ১২টার দিকে উদ্ধার কাজ শুরু করে। রাত দেড়টার দিকে তারা রিয়েলের লাশ উদ্ধার করে।"
পরিবারের কাছে লালটি হস্তান্তর করা হবে বলে ওসি জানান।
রিয়েল এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার সমাজপুর গ্রামের খোন্দকার শফিকের ছেলে।
ওসি আজাদ জানান, ১৪ জন সহপাঠীসহ রিয়েল শনিবার মাধবকুণ্ডে আসে। দুপুর সাড়ে ১২টার দিকে তারা জলপ্রপাতে সাঁতার কাটতে পানিতে নামে। ওই সময় রিয়েল ডুবে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটককম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১০ ঘ.
bdnews24