মৌরভীবাজার, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মাধবকুণ্ড জলপ্রপাতে সাঁতার কাটতে নেমে শনিবার দুপুরে ঢাকার এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
খোন্দকার রিয়েল (১৯) নামের ওই শিক্ষার্থী এবার ঢাকার উত্তরখানের আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। তিনি কুষ্টিয়ার খোকসা উপজেলার সমাজপুর গ্রামের খোন্দকার শফিকের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধি জানান, গত বছরের ২৯ আগস্ট স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র আল ফাতেহ মোহাম্মদ শাহী (২৪) এখানে ডুবে মারা যান। তিনিসহ গত দেড় বছরে এখানে ১২ জন মারা যান।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম আজাদ রাত ৮টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৪ জন সহপাঠীসহ রিয়েল মাধবকুণ্ডে আসেন। দুপুর সাড়ে ১২টার দিকে বন্ধু ফয়সল ও মাইক্রোবাস চালক জাহেরসহ তিনি সাঁতার কাটতে পানিতে নামেন। এক পর্যায়ে রিয়েল পানির গভীরে তলিয়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাওয়া যায়নি।
ওসি বলেন, দুপুর ১টা থেকে পুলিশ, উপজেলা প্রশাসন এবং স্থানীয় দমকল কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। রাত পৌনে দশটা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি। উদ্ধার কাজ চলছে। ঢাকা থেকে উদ্ধারকারী একটি দল মৌলভীবাজার পৌঁছেছে। মাধবকুণ্ড পৌঁছাতে আরও দেড় ঘণ্টার মত লাগতে পারে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৫২ ঘ.
bdnews24