২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে পুলিশের সঙ্গে বিড়ি শ্রমিকদের সংঘর্ষে আহত ৩০

রংপুরের কাউনিয়া উপজেলায় শনিবার সকালে পুলিশের সঙ্গে আন্দোলনরত বিড়ি শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছয় দফা দাবিতে মঙ্গলবার থেকে কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার বিভিন্ন বিড়ি কারখানার শ্রমিকরা ধর্মঘট করে আসছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

রংপুর, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুরের কাউনিয়া উপজেলায় শনিবার সকালে পুলিশের সঙ্গে আন্দোলনরত বিড়ি শ্রমিকদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছয় দফা দাবিতে মঙ্গলবার থেকে কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার বিভিন্ন বিড়ি কারখানার শ্রমিকরা ধর্মঘট করে আসছেন। সকাল ১১ টার দিকে বিড়ি শ্রমিকদের বিক্ষোভ মিছিল চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা কয়েকটি কারখানায় ও মালিকদের বাসায় ইটপাটকেল নিক্ষেপের চেষ্টা করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে শেরেফুল (২৫), আনারুল (১৬), শরিফুল (২৩), মাহাবুল (২৫), মানু (৩০), আবুজার (৩৩), ছিদ্দিকুল ও বিপ্লবকে (৩০) কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিউল আলম জানান, শনিবার বেলা ১১টার দিকে কয়েক হাজার বিড়ি শ্রমিক বিক্ষোভ মিছিল নিয়ে হারাগাছ পৌর এলাকা প্রদক্ষিণ করে। এক পর্যায়ে অপরিচিত কিছু লোক মিছিলে ইট-পাটকেল নিক্ষেপ করলে কয়েকজন শ্রমিক আহত হয়। এতে শ্রমিকরা আরও উত্তেজিত হয়ে উঠলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে ৩০ শ্রমিক আহত হয়। পরে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ইউএনও আনোয়ার হোসেন জানান, বিড়ি শ্রমিকরা তাদের দাবিদাওয়া নিয়ে মিছিল করার সময় কয়েকটি কারখানা এবং কয়েকজন মালিকের বাসায় ইট-পাটকেল নিক্ষেপ করার চেষ্টা করে। কিন্তু পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। মুজরি বৃদ্ধি, উৎসব বোনাস, চিকিৎসা ভাতাসহ ছয়দফা দাবিতে মঙ্গলবার থেকে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ এলাকার বিড়ি শ্রমিকদের তিনটি সংগঠন অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে। ধর্মঘটের কারণে হারাগাছ পৌর এলাকাসহ সারাই, হারাগাছ, তপোধন, মরনেয়া, গজঘন্টা ইউনিয়নের প্রায় শতাধিক বিড়ির কারখানা বন্ধ রয়েছে। হারাগাছ বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আমিন উদ্দিন জানান, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে প্রতি হাজার বিড়ি তৈরির মজুরি ৩৫ টাকা, 'নম্বরধারী' শ্রমিকদের পরিচয়পত্র প্রদান, উৎসব ভাতা, চিকিৎসা ভাতা, কর্মরত শ্রমিকদের মৃত্যু হলে অর্থ প্রদান ও বিড়িশিল্প থেকে আদায় করা ব্যান্ডরোল ট্যাক্সের একাংশ শ্রমিকদের কল্যাণে ব্যয় করা। তিনি বলেন, "এসব দাবির কয়েকটি মেনে নেওয়া হয়েছে। কিন্তু কিছু শ্রমিক নামধারী ব্যক্তি এর বিরোধিতা করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে।" হারাগাছ পৌর এলাকা ও এর আশপাশের পাঁচটি ইউনিয়নের প্রায় দুই লাখ লোক বিডি তৈরির পেশায় নিয়োজিত। বর্তমানে মালিকরা প্রতি হাজার বিড়ি তৈরির জন্য ২১ টাকা করে মজুরি দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১১৪ ঘ.