২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু হত্যা মামলার সংক্ষিপ্ত বিবরণী তৈরির পর বেঞ্চ হবে: আইনমন্ত্রী

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার সংক্ষিপ্ত বিবরণী তৈরির পর প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 01:34 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, আগস্ট ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বঙ্গবন্ধু হত্যা মামলার সংক্ষিপ্ত বিবরণী তৈরির পর প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। শনিবার এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বঙ্গবন্ধু হত্যা মামলার আপিল নিষ্পত্তি বিষয়ে আইনমন্ত্রী বলেন, "আপীল বিভাগে মামলাটির সংক্ষিপ্ত বিবরণী তৈরির পর প্রধান বিচারপতি বেঞ্চ গঠন করবেন। এরপরই মামলাটি নিষ্পত্তির কাজ শুরু হবে। খুব সহসাই এ নিষ্পত্তি কাজ শুরু হবে বলে আমি আশা করছি।'' অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে দুই জেলা জজকে অবসর প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে আইনমন্ত্রী রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের জন্য আয়োজিত মোবাইল কোর্ট ব্যবস্থাপনা বিষয়ক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করেন। দুই দিন ব্যাপী এ কোর্সে ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অংশ নিচ্ছেন। শফিক আহমেদ মোবাইল কোর্ট পরিচালনার সময় কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সেব্যাপারে সর্তক থাকতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতি আহবান জানান। তিনি বলেন, "মোবাইল কোর্ট অধ্যাদেশ-২০০৯ এর আওতায় ৮০টি আইনের অধীনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা প্রয়োগের সুযোগ দেওয়া হয়েছে।'' বিয়ামের মহাপরিচালকব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ ও কোর্স পরিচালক আবুল কাশেম বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৩৪ ঘ.