২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধের মামলায় এবার সাতক্ষীরায় ছয়জন গ্রেপ্তার

সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন গ্রামের নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের একটি মামলায় প্রথম রাজশাহীর মোহনপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়। দাউদ হোসেন (৭০) ও নুরে আনোয়ার নামের স্থানীয় জামায়াতের এ দুই কর্মীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Aug 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

সাতক্ষীরা, আগস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাতক্ষীরায় যুদ্ধাপরাধ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে সদর ও দেবহাটা উপজেলার বিভিন্ন গ্রামের নিজেদের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ১৩ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের একটি মামলায় প্রথম রাজশাহীর মোহনপুরে দুজনকে গ্রেপ্তার করা হয়। দাউদ হোসেন (৭০) ও নুরে আনোয়ার নামের স্থানীয় জামায়াতের এ দুই কর্মীকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়। এরপর ২১ এপ্রিল রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার করা হয় আব্দুল জব্বার সরকার নামের আরও এক ব্যক্তিকে। শনিবার সাতক্ষীরায় গ্রেপ্তার করা ছয়জন হলেন- দেবহাটা উপজেলার চরবালিথা গ্রামের বারেক সরদারের ছেলে আক্কাস আলী (৭০), একই গ্রামের আমির আলীর ছেলে হাকিম মোড়ল (৬৪), ফোরকান আলীর ছেলে গাউস আলী (৬২), এন্তাজ মোড়লের ছেলে নজরুল ইসলাম (৫৮), সদর উপজেলার সুলতানপুর গ্রামের কাদের বকসের ছেলে আব্দুল আজিজ চৌকিদার (৬৮) ও শিমুলবাড়িয়া গ্রামের পুঁটে গাজীর ছেলে সুরত আলী গাজী (৬৮)। মুক্তিযুদ্ধের সময় বাবাসহ তিন ব্যক্তিকে হত্যার অভিযোগে গত ১৫ জুলাই দেবহাটা উপজেলার গোবরাখালী গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মামলাটি করেন। সাতক্ষীরা অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় হাকিম এস এম নাসিম রেজার আদালতে করা মামলায় আসামি করা হয় আটজনকে। দেবহাটা থানার উপ-পরিদর্শক লিয়াকাত আলী জানান, গ্রেপ্তার করা ছয় ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততার অভিযোগ। তিনি জানান, মামলার অপর দুই আসামি গোবরাখালী গ্রামের মহিউদ্দীন সরদারের ছেলে আব্দুল জব্বার সরদার (৭০) ও শিমুলবাড়িয়া গ্রামের কিয়ামুদ্দীন সরদারের ছেলে আব্দুল করিম সরদার (৭০) পলাতক রয়েছেন। মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান অভিযোগ করেন, ১৯৭১ সালের ১০ মে বিকেল ৫ টার দিকে আসামিরা তার বাবা বাবর আলী সরদারকে বাড়ি থেকে জোর করে ধরে নিয়ে যায়। এরপর তারা শিমুলবাড়িয়া গ্রামের রুস্তম ও ফজর আলীকেও ধরে নিয়ে আসে। পরে তিনজনকে এল্লারচর নদীর খেয়াঘাটের পূর্ব পাশে নিয়ে নির্যাতন চালায় এবং জবাই করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১০ ঘ.