২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে শ্যূটিংস্পটে হামলা,অভিনেতা-অভিনেত্রীসহ আহত ১৫

সাভারের একটি শ্যূটিংস্পটে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় অভিনেতা-অভিনেত্রী ও পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের হরিণধরার ট্যানারি শিল্প নগরীতে শুক্রবার বিকেলে 'এ দেশ তোমার আমার' চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় এ ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2009, 05:54 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

সাভার, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের একটি শ্যূটিংস্পটে বিক্ষুব্ধ এলাকাবাসীর হামলায় অভিনেতা-অভিনেত্রী ও পুলিশসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। উপজেলার তেতুঁলঝোড়া ইউনিয়নের হরিণধরার ট্যানারি শিল্প নগরীতে শুক্রবার বিকেলে 'এ দেশ তোমার আমার' চলচ্চিত্রের চিত্রগ্রহণের সময় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বিকেলে এএস মানিক পরিচালিত ও মনোয়ার হোসেন ডিপজল প্রযোজিত 'এ দেশ তোমার আমার' চলচ্চিত্রের চিত্রধারণ দেখার জন্য এলাকাবাসী ভিড় জমায়। এ সময় নায়িকার সংক্ষিপ্ত পোশাক দেখে কয়েকজন যুবক অশ্লীল মন্তব্য করে। ছবির নায়কসহ অন্যরা এর প্রতিবাদ জানিয়ে এক যুবককে থাপ্পর মারে। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে শ্যূটিংস্পটে হামলা চালায়। এ অবস্থায় নায়ক-নায়িকাসহ অন্যরা চিত্রাঅভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বাগান বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশের চারটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এসময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে এক কনষ্টেবল আহত হন। আহতদের মধ্যে নায়ক শাকিল ও নায়িকা সাথীর অবস্থা গুরুতর। তাদের থানা রোডের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওসি নাসির উল্যাহ জানান, এ ঘটনায় এলাকার বখাটে যুবক মিজান, বিল্লাল, তোফাজ্জল ও জামালকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩০০ঘ.