যশোর, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের সময় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীরা অবহেলিত ছিল বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামূল হক মোস্তফা শহীদ।
তিনি বলেন, গত সরকারের আমলে বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের অনুদানের ছয় হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে থাকলেও তা বিতরণ করা হয়নি।
শুক্রবার সকাল ১১টায় যশোর জেলা পরিষদ মিলনায়তনে জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে প্রতিবন্ধী ও হত দরিদ্রদের মধ্যে নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলেন।
স্থবির হয়ে পড়া এ কার্যক্রম ইতোমধ্যে দিনবদলের কর্মসূচির আওতায় জোরদার করা হয়েছে বলে তিনি জানান।
জাতীয় সংসদের হুইপ শেখ আব্দুল ওহাবের সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক সিতাংশু সেন, প্রতিবন্ধী ফাউন্ডেশনের পরিচালক নুরুল কবীর, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ২১২ জন প্রতিবন্ধীর মধ্যে ১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা এবং সুদমুক্ত ঋণের আওতায় হতদরিদ্র ৫২ জনের মাঝে ২ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়।
বিকেল ৪টায় মন্ত্রী উপশহর শিশু হাসপাতালের নিজস্ব ভবন উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, জাতীয় অধ্যাপক ও শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আর খানের তত্ত্বাবধানে পরিচালিত শিশু হাসপাতালের সঙ্গে গ্রামাঞ্চলে গড়ে তোলা কমিউনিটি ক্লিনিকের সার্বক্ষণিক যোগাযোগ থাকবে যাতে কোনো মা ও শিশু বিনা চিকিৎসকায় মারা না যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০১ ঘ.
bdnews24