ঢাকা, জুলাই ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্যুৎ সাশ্রয়ে এখনকার মতো রমজানেও দোকান-পাট সন্ধ্যা ৮টার মধ্যে বন্ধ করতে হবে। এ কথা জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় ও শেষ দিন বৃহস্পতিবার জেলার নির্বাহী প্রধানদের সঙ্গে সচিবালয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ই ইলাহী চৌধুরী ও প্রতিমন্ত্রী শামসুল হক।
বৈঠকে উপজেলা পর্যায় পর্যন্ত রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধের নির্দেশ কার্যকর করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, "লোডশেডিং মোকাবেলায় আমরা বলেছি, শ্রম আইন ও আমাদের সিদ্ধান্ত অনুসারে উপজেলা পর্যায় পর্যন্ত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করতে হবে। রমজান মাসেও এ নিয়ম বহাল থাকবে।"
রমজানে সেহরি, ইফতার ও তারাবির নামাজের সময় নিরবচ্ছিভাবে বিদ্যুৎ সরবরাহের জন্য কর্মসূচি নেওয়া হবে বলে শামসুল হক জানান।
তিনি বলেন, "বিদ্যুৎ সঙ্কট মোকাবেলার জন্য সাশ্রয়ী মনোভাব গড়ে তুলতে হবে। হাট বাজার, দোকানপাট এবং পারিবারিকভাবে বাড়িতেও এটি করতে হবে। আমরা যে এনার্জি সেভিং বাল্ব দিব, তা যেন সুন্দরভাবে বিতরণ করা হয়।"
প্রতিমন্ত্রী জানান, বৈঠকে জেলা প্রশাসকদের দেশের বিভিন্ন স্থানের বালু মহাল ও পাথর কোয়ারী নিয়ে মন্ত্রণালয়ের যে নিয়ম ও আইন রয়েছে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকদের বলা হয়েছে।
তিনি বলেন, "আমরা চাই, এ নিয়ে কোনও ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি যেন সৃষ্টি যেন না হয়। জেলা প্রশাসকদের বলা হয়েছে, নিজ নিজ জেলায় সন্ত্রাস, চাঁদাবাজ ও টেন্ডারবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। যারা সন্ত্রাসী তাদের কোনও দল নেই।"
গত সাত বছরে দেশে বিদ্যুৎ উৎপাদন হয়নি দাবি করে শামসুল হক বলেন, "এ কারণে আমাদের সঙ্কট মোকাবেলা করতে হচ্ছে। তবে আমরা বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। বিদ্যুৎ খাতের উন্নয়নে যে পরিকল্পনা করা হয়েছে তা বাস্তবায়নেও তাদের সহযোগিতা চেয়েছি।"
পরিকল্পনা বাস্তবায়িত হলে লোডশেডিংয়ে শূন্যতে নেমে আসবে- এ দাবি করে প্রতিমন্ত্রী বলেন, আশা করছি ২০১৪ সাল নাগাদই তা বাস্তবায়ন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৭২৯ ঘ.
bdnews24