ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বন বিভাগের জমি আত্মসাতের অভিযোগে দায়ের করা দুটি মামলায় সাবেক বন ও পরিবেশমন্ত্রী শাহজাহান সিরাজকে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
মামলা দুটি স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. আব্দুল আজিজের আদালত বুধবার হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ দেন।
গত ২২ জুলাই হাইকোর্ট বিএনপি নেতা শাহজাহান সিরাজকে মামলা দুটিতে জামিন দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করে।
এ আদেশের বিরুদ্ধে সরকারের আবেদনের ওপর শুনানি করেন অতিরিক্ত অ্যার্টনি জেনারেল একেএম জহিরুল হক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহজাহান সিরাজের বিরুদ্ধে দায়ের করা এ মামলা দুটিতে হাইকোর্ট এ আদেশ দিয়েছিল। আপিল বিভাগ তা স্থগিত করে দিয়েছে।"
শাহজাহান সিরাজের পক্ষে আপিল বিভাগে শুনানি করেন ব্যারিস্টার ওমর সাদাত।
মামলা দুটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24