২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় আটক জেএমবি জঙ্গি হাসান আরও ৫ দিনের রিমান্ডে

সাতক্ষীরায় আটক জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি হাসানুজ্জামান হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 03:14 PM

Updated : 26 Aug 2022, 11:49 AM

সাতক্ষীরা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় আটক জামা'আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গি হাসানুজ্জামান হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য আরও পাঁচদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। প্রথমবার ১০ দিনের রিমান্ডের মেয়াদ শেষ হয় বুধবার। একই দিন সাতক্ষীরার মুখ্য বিচারকি হাকিম আদালতে আরও পাঁচদিনের রিমান্ডের আবেদন করলে বিচারক এ এইচ এম সামছুল আরেফিন তা মঞ্জুর করেন। সাতক্ষীরার গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক অমল কুমার রায় জানান, প্রথমবার জিজ্ঞাসাবাদে হাসানের দেওয়া বেশ কিছু তথ্য পুলিশ যাচাই করে দেখছে। হাসান জিজ্ঞাসাবাদে পুলিশকে জানান, জঙ্গি সংগঠন গড়ে তোলার কাজ চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি জাগরণী চক্র ফাউন্ডেশন ও ব্র্যাকে চাকরি করার সময় যশোরের শার্শা, মনিরামপুর এবং মাগুরা ও বাগেরহাট জেলার বিভিন্ন স্থানে জেএমবিকে সংগঠিত করেছেন। গত ১৭ জুলাই সাতক্ষীরা গোয়েন্দা পুলিশ শহরের রসুলপুর এলাকা থেকে হাসানকে গ্রেপ্তার করে। হাসান সদর উপজেলার টেংরা গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২০ ঘ.