ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দেশে নতুন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে গ্যাস অনুসন্ধানে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বুধবার তার কার্যালয়ে বিদ্যুৎ বিভাগ কর্তৃক '২০১০ সাল নাগাদ শূন্য লোডশেডিং এর লক্ষমাত্রা ও বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির ভবিষ্যত পরিকল্পনা' শীর্ষক প্রস্তাব উপস্থাপনকালে বক্তৃতায় এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বিদ্যুৎ উৎপাদন বাড়াতে ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রসহ পুরনো ও পরিত্যক্ত বিদ্যুৎ কেন্দ্রগুলোর উন্নয়ন ও পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন।
পল্লী বিদ্যুতায়ন সম্পর্কে তিনি সরবরাহ লাইনে কাজ করার জন্য বলেছেন যাতে গুচ্ছ ভিত্তিতে বিদ্যুৎ বিতরণ করা যায়।
দু'ঘণ্টাব্যাপী প্রস্তাব উপস্থাপনকালে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যুৎ সঙ্কটের কারণে জনগণের দুর্ভোগ তার সরকার কখনো মানবে না।
তিনি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ক্ষুদ্র ও স্বতন্ত্র বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা উল্লেখ করে বলেন, এটি দেশের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায় অবদান রাখবে।
প্রধানমন্ত্রীর সামনে সকাল সাড়ে ১০টা থেকে দু' ঘন্টা এ পরিকল্পনা উপস্থাপন করেন বিদ্যুৎ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ।
এ সময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, প্রধানমন্ত্রীর মূখ্য সচিব এম এ করিম, প্রধানমন্ত্রীর সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, জ্বালানি সচিব মোহাম্মদ মহসীন, পেট্রোবাংলার চেয়ারম্যান অব. মেজর মোক্তাদীর আলী, পিডিবি'র চেয়ারম্যান এ এস এম আলমগীর কবীর, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ভূঁইয়া শফিকুর রহমান, ডিপিডিসি'র ব্যবস্থাপনা পরিচালক আতাউল মাসুদ ও ডেসকো'র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সালেহ আহমেদসহ সংশিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসকে/২২২৬ঘ.
bdnews24