২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ভর্তুকির যথাযথ ব্যবহার নিশ্চিতে ডিসিদের প্রতি কৃষিমন্ত্রীর আহ্বান

কৃষি ভর্তুকির যথাযথ ব্যবহার নিশ্চিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সার বিক্রিতে অনিয়ম রোখে সজাগ দৃষ্টি রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2009, 06:36 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ভর্তুকির যথাযথ ব্যবহার নিশ্চিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। সার বিক্রিতে অনিয়ম রোখে সজাগ দৃষ্টি রাখার নির্দেশও দিয়েছেন তিনি। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিন বুধবার জেলা পর্যায়ের নির্বাহী প্রধানদের সঙ্গে বৈঠক করেন কৃষিমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক হয়। মতিয়া চৌধুরী সাংবাদিকদের জানান, সরকার এবারও কৃষি খাতে জ্বালানি তেলের জন্য ৪০০ কোটি টাকা এবং কৃষি উৎপাদনের যান্ত্রিকীকরণের জন্য ১৫০ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। "কৃষকরা যাতে সরকারের দেওয়া ভর্তুকির সুফল পায়, সে বিষয়ে জেলা প্রশাসকদের সতর্ক থাকতে হবে। ভর্তুকির ব্যবহার যেন যথাযথ হয় এবং কৃষি পণ্য যাতে দ্রুত বাজারে আসতে পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ডিসিদের নির্দেশ দেওয়া হয়েছে", বলেন কৃষিমন্ত্রী। সার বিক্রির ক্ষেত্রে যে কোনও ধরনের অনিয়ম রোধে জেলা প্রশাসকদের তদারক জোরদার করতে হবে বলে কৃষিমন্ত্রী জানান। তিনি বলেন, "কৃষকদের কাছে সার পৌঁছে দিতে সার ব্যবস্থাপনা পদ্ধতি পরিবর্তন আনা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে তিনজন ডিলারের পরিবর্তে এখন থেকে সাব ডিলার ব্যবস্থা এবং সার খুচরা বিক্রির ব্যবস্থা করা হচ্ছে।" মতিয়া বলেন, "খরা পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহিত পদক্ষেপের প্রশংসা করেছেন জেলা প্রশাসকরা। তারা বলেছেন, এতে কৃষকরা উৎসাহিত হয়েছে। এ ধরনের সহায়তা বাড়লে কৃষকদের উৎসাহ বাড়বে।" কৃষি জমির সর্বোত্তম ব্যবহারে জেলা প্রশাসকদের বলিষ্ঠ ভূমিকা রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান। তিন দিন ব্যাপী জেলা প্রশাসক সম্মেলন মঙ্গলবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। গত ৬ জানুয়ারি বর্তমান মহাজোট সরকার দায়িত্ব গ্রহণের পর জেলা প্রশাসকদের নিয়ে প্রধানমন্ত্রী একাধিক বৈঠক করলেও আনুষ্ঠানিক সম্মেলন এটিই প্রথম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১২৪০ ঘ.