ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির মামলায় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেন রাজ ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন।
রাজের জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. রইসউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।
তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না- আগামী চার সপ্তাহের মধ্যে এর কারণ জানাতেও সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে।
রাজের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হেলালউদ্দিন মোল্লা।
আদেশের পর তিনি জানান, জামিন পাওয়ার রাজের কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
অবৈধ সম্পদ অর্জন দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর ডা. আফজাল হোসেন রাজের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি করে।
গত ৫ জানুয়ারি হাইকোর্ট থেকে রাজ এ মামলায় আগাম জামিন নেন।
পরে ১৯ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত রাজের বিরুদ্ধে অভিযোগ গঠন করে। ওই দিন আগাম জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/এএল/২০৪৫ ঘ.
bdnews24