ফরিদপুর, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ বাজার সংলগ্ন পদ্মা নদীতীর সংরক্ষণ বাঁধের আরও ১০ মিটার অংশ মঙ্গলবার সকালে ধসে গেছে।
এর আগে সোমবার ২০ মিটার অংশ ধসে যাওয়ার পর পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ওইস্থানে কংক্রিট ব্লক ও বালুর বস্তা ফেলে।
ফরিদপুর পাউবো'র নির্বাহী প্রকৌশলী মো. রফিকউল্লাহ জানান, মঙ্গলবার বাঁধে তেমন গুরুতর কোনো ধসের ঘটনা ঘটেনি। যেটুকু হয়েছে তা যৎসামান্য। তবে ধসের ফলে পুরো ১৫০ মিটার তীর সংরক্ষণ বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি বলেন, "ব্লক ও বালুর বস্তা নিক্ষেপ করার কাজ চলছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।"
স্থানীয় সাংসদ কাজী নিলুফার জাফরউল্লাহ এবং আওয়ামী লীগের সাবেক সাংসদ কাজী জাফরউল্লাহ ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০১৬ ঘ.
bdnews24