২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বর্ণা চালের বস্তা ৩০০ টাকা, মশুর ২০ টাকা কেজি

কাওরানবাজারে লালশাকের মুটি এক টাকা। করল্লা ৫ টাকা কেজি, বেগুন ৪ টাকা। অন্যান্য সবজির দামও কল্পনাতীত কম। কাঁচামরিচ কেজিপ্রতি ১০ টাকা। মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক বস্তা (৮৫ কেজি) চাল মাত্র ৩০০ টাকা। মশুর ডাল ২০ টাকা কেজি। কিন্তু দাম এতো কমে যাওয়ার পরও ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না বিক্রেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 11:48 AM

সায়েদুল ইসলাম তালাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাওরানবাজারে লালশাকের মুটি এক টাকা। করল্লা ৫ টাকা কেজি, বেগুন ৪ টাকা। অন্যান্য সবজির দামও কল্পনাতীত কম। কাঁচামরিচ কেজিপ্রতি ১০ টাকা। মোহাম্মদপুর কৃষি মার্কেটে এক বস্তা (৮৫ কেজি) চাল মাত্র ৩০০ টাকা। মশুর ডাল ২০ টাকা কেজি। কিন্তু দাম এতো কমে যাওয়ার পরও ক্রেতা খুঁজে পাচ্ছিলেন না বিক্রেতারা। মঙ্গলবার দুপুরে এই ছিল রাজধানীর কয়েকটি পাইকারি কাঁচাবাজারের চিত্র। রাজধানীর পাইকারী কাঁচাবাজারগুলো বসে গভীর রাতে। ঢাকার বাইরে থেকে পণ্য নিয়ে আসা ট্রাকগুলো রাত ৮টা থেকে রাজধানীতে ঢুকতে শুরু করে। রাত এগারোটা থেকেই বিক্রি-বাট্টা শুরু হয়ে যায়। কিন্তু সোমবার রাতে প্রবল বর্ষণের কারণে রাজধানীর কোন পাইকারি কাঁচাবাজারই বসেনি। রাজধানীর রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় ঢাকার বাইরে থেকে আসা কাঁচামাল বহনকারী অনেক ট্রাক রাতে রাস্তায়ই আটকা পড়ে। কিছু ট্রাক মালামাল নিয়ে পাইকারি বাজারগুলোতে পৌঁছতে পারলেও সেখানে ছিল ক্রেতার অভাব। সোমবার রাতে কাওরানবাজারের চিত্র ছিল অনেকটাই অচেনা। খুচরা বিক্রেতাদের ভিড় ছিল না, ছিল না প্রতিদিনকার হৈ চৈ। পাইকারি বিক্রেতারা পণ্যের পসরা সাজয়ে বসার পরিবর্তে বরং জমে যাওয়া বৃষ্টির পানি থেকে কীভাবে মালামাল বাঁচাবেন, সেই পথই খুঁজে পাচ্ছিলেন না। কয়েকটি ট্রাক দাড়িয়ে থাকলেও, সেখান থেকে মালামাল নামানোর ছিল না কোনো তোড়জোর। অঝোর বৃষ্টির কারণে ভ্যান ও কুলিদের খুঁজে পাওয়াই ছিল দুষ্কর। বরাবরের মতোই রাতেও ট্রাক ভর্তি শাক নিয়ে এসেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু বিক্রি করতে না পেরে এবং বৃষ্টিতে ভিজে পচে যাওয়ায় ওইসব শাক রাস্তার পাশে ফেলে দিতে দেখা যায়। ভালো শাকের আটি বিক্রি হচ্ছিল মুঠি ১টাকা করে। কাঁচামাল ব্যবসায়ী রহমত মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"নরসিংদি থেকে দেড় লাখ টাকার শাক এনেছিলাম। কিন্তু কেনার কোনো লোক নাই। এই মালামাল তো জমিয়েও রাখা যাবে না। এখন প্রায় সবটাই লোকসান।" একই রকম লোকসানের মুখে পড়েছেন রাজধানীর চালের অন্যতম আড়ত মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ব্যবসায়ীরা। রাতভর বর্ষণে তাদের দোকানের ভেতর পানি ঢুকে লাখ লাখ টাকার চাল ভিজে গেছে। এই আড়তের চাল ব্যবসায়ী শরিফ এন্টারপ্রাইজের আলমগীর হোসেন বলেন,"মার্কেটের ১৭২টি দোকানের মধ্যে অর্ধেক দোকানেরই চাল-ডাল-চিনিসহ মেঝেতে রাখা সব পণ্যই পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। আজকালের মধ্যে ব্যবহার না করলে সব পঁচে যাবে। বাধ্য হয়ে লাখ লাখ টাকার ক্ষতি স্বীকার করে পানির দরে সব বিক্রি করে দিতে হচ্ছে।" তিনি জানান, ছাদ উপচে বৃষ্টির পানি সিড়ি বেয়ে নামছে। আবার রাস্তা উপচে ঘরে ঢুকছে পানি । কোনটা রেখে যে কোনটা ঠেকাবো, বুঝতে পারছিনা। আলমগীর হোসেন আরও জানান, ভেজা চালের বস্তাগুলো এখন তাদের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। আর এজন্য এই আড়তের ব্যবসায়ীরা লোকসান কিছুটা হলেও কমানোর জন্য ১৩০০ টাকার স্বর্ণা (৮৫ কেজির বস্তা) ৩০০ টাকা, ২৭০০ টাকার মিনিকেট (৮৫ কেজির বস্তা) ৭০০ টাকা দরে বিক্রি করে দিয়েছেন। মশুর ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০ টাকায়। এদিকে বৃষ্টির পানিতে নিজের ঘরের অনেকটাই পানিতে ডুবে গেলেও সস্তায় চাল কিনতে পেরে খুবই খুশি গৃহকর্মী মনোয়ারা। অগ্রিম বেতনের টাকায় দুই বস্তা চাল কিনেছেন তিনি। মনোয়ারা বলেন, "শুকাইয়া চালডি খাতি হবে। একটুক গন্ধ হইবো, তা এ সস্তায় কিছুডা সমস্যা তো থাকবোই।" বৃষ্টির কারণে বসতে পারেনি মিরপুর এক নম্বার কাঁচাবাজার, যাত্রাবাড়ীর মাছের আড়ত ও নবাবপুরের ফলবাজার। প্রায় সব স্থানেই বৃষ্টির পানি থেকে মালামাল রক্ষায় ব্যস্ত ছিলেন সবাবই। অনেকেই আশপাশের ভবনের সিড়ি, মেঝেসহ বিভিন্ন উঁচুস্থানে সরিয়ে রাখেন। শেওড়াপাড়া, ঝিগাতলা, হাতিরপুল, পলাশী, কচুক্ষেত ও রামপুরার কাঁচাবাজারের অধিকাংশ দোকান মঙ্গলবার খোলেনি। কিছুটা উঁচু স্থানে থাকা হাতে গোনা কয়েকটি দোকান খুললেও ক্রেতার উপস্থিতি ছিল খুবই কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/১৮৪৮ঘ.