ঢাকা, জুলাই ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বৃষ্টির কারণে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে ফিরে গেল আন্তর্জাতিক দুটি ফ্লাইট।
মঙ্গলবার প্রথম প্রহরে কুয়ালালামপুর থেকে আসা মালয়েশিয়া এয়ারলাইন্স এবং হংকং থেকে আসা ড্রাগন এয়ারলাইন্সের উড়োজাহাজ দুটি ফিরে যায়।
জিয়া বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার সাইয়েদুল হাসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবিরাম বৃষ্টির কারণে ফ্লাইট দুটি সোমবার মধ্যরাতের পর অবতরণ করতে না পেরে ফিরে গেছে।"
মালয়েশিয়া এয়ারলাইনসের ফ্লাইটটি রাতে পুনরায় আসবে বলে তিনি জানান।
শিডিউল অনুযায়ী সকাল থেকে অন্য সব ফ্লাইট যথারীতি চলাচল করছে বলে উইং কমান্ডার খান জানান।
মৌসুমের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে মঙ্গলবার সকালেই অচল হয়ে পড়ে রাজধানী। বিভিন্ন সড়ক ও এলাকা কোথাও কোথাও কোমর সমান পানিতে তলিয়ে যায়।
পানি ওঠায় সচিবালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে কার্যক্রম ব্যাহত হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনও এক ঘণ্টা দেরিতে শুরু হয়। বন্ধ হয়ে যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/আরএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24