২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী

সাগরে সৃষ্ট লঘুচাপের জেরে চলতি মৌসুমের এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিতে রাজধানীর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার রাত নয়টার দিকে শুরু হওয়া বৃষ্টি সারা রাত প্রায় অব্যাহতভাবে চলে রাজধানীর সর্বত্র জুড়ে রাস্তাঘাট ও নিচু এলাকার ঘরবাড়ি জলমগ্ন করে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2009, 05:53 AM

Updated : 26 Aug 2022, 11:49 AM

ঢাকা ২৮ জুলাই, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাগরে সৃষ্ট লঘুচাপের জেরে চলতি মৌসুমের এ পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিতে রাজধানীর জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার রাত নয়টার দিকে শুরু হওয়া বৃষ্টি সারা রাত প্রায় অব্যাহতভাবে চলে রাজধানীর সর্বত্র জুড়ে রাস্তাঘাট ও নিচু এলাকার ঘরবাড়ি জলমগ্ন করে দেয়। সারা রাত ধরেই বিভিন্ন ধরণের যন্ত্রচালিত যানবাহন পানির কারণে পথে বন্ধ হয়ে যাওয়ায় মানুষকে অশেষ দুর্ভোগ পোহাতে হয়। জলাবদ্ধতার কারণে রাজধানীর অনেক স্থানে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রাজধানীর সীমিত জলনিষ্কাশন ব্যবস্থা যে পরিমাণ বৃষ্টির পানি সরাতে সক্ষম তার চেয়ে বহুগুণের বৃষ্টি এ ব্যবস্থাকে চরমভাবে বিপর্যস্ত করে ফেলে। সারা রাতের বৃষ্টির পর মঙ্গলবার সকালে জরুরি প্রয়োজনে বের হতে বাধ্য হওয়া রাজধানীবাসীকে পোহাতে হয় দুর্ভোগ। রাস্তায় গণপরিবহন ছিল কম। পানিতে বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকিহীন প্রায় একমাত্র যান রিকশার অভাব ছিল লক্ষ্যণীয়। অনেক মাকে দেখা যায় রেইন কোট বা ছাতায় আশ্রয়ে শিশুদের হাত ধরে স্কুলে নিয়ে যেতে। মঙ্গলবার বেলা ১১টায় মহাখালীতে অটোরিকশা চালক মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদককে বলেন, "খ্যাপ নিয়া যেহানেই গেছি, দেখি পানি। বিরাট অসুবিধা। গাড়ি চালাইতে পারতাছিনা।" আবহাওয়া দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা শাহ আলম মঙ্গলবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সাগরে বিদ্যমান লঘুচাপটি স্থলচাপে পরিণত হওয়ার পর তার সঙ্গে মৌসুমী বায়ু যুক্ত হওয়ায় প্রচুর জলীয় বাস্পের সৃষ্টি হয় যা এত বৃষ্টির কারণ। আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আরজুমান্দ হাবীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকায় মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। রাজধানীতে একদিনের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ২০০৪ সালের, ৩৪১ মিলিমিটার। ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামে ৪২৫ মিমি বৃষ্টি হয় যা দেশের যাবতকালের সর্বোচ্চ বৃষ্টিপাত। এদিকে অতিবৃষ্টির কারণে রাজধানীর অনেক স্থানে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সোমবার রাত থেকেই বন্ধ হয়ে যায়। ডিপিডিসি-র নিয়ন্ত্রণ কক্ষ থেকে মঙ্গলবার সকালে বলা হয়, অনেক গ্রাহকের মিটার বৃষ্টির পানিতে ডুবে যাওয়ায় তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। তারা সংযোগ চালু করার জন্য কাজ করছেন বলেও জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এসআইটি/এএনএস/এমআরএফ/এসকে/১১৩০ঘ.