চট্টগ্রাম, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০ ট্রাক অস্ত্র মামলায় সাবেক শিল্প সচিব নূরুল আমিনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর দামপাড়া সিআইডি কার্যালয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সিআইডি'র সিনিয়র সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী এই সাবেক আমলাকে জিজ্ঞাসাবাদ করেন।
নূরুল আমিন ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) সংরক্ষিত জেটি ঘাটে অস্ত্র খালাসের ঘটনার সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলেন।
মামলার তদারককারী কর্মকর্তা ও সিআইডি চট্টগ্রামের বিশেষ সুপার মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নোটিশের পরিপ্রেক্ষিতে সাবেক শিল্প সচিব নূরুল আমিন সিআইডি কার্যালয়ে এলে মামলার তদন্তকারী কর্মকর্তা সকাল থেকে বিকাল পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেছেন।"
তবে কী কী বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানাতে অপারগতা প্রকাশ করেন এই পুলিশ কর্মকর্তা।
মামলার স্বার্থে সাবেক সচিবকে আবারও ডাকা হতে পারে বলে জানান তিনি।
মোহাম্মদ মুসলিম আরও জানান, এ মামলায় গ্রেপ্তার সিইউএফএল এর সাবেক মহাব্যবস্থাপক মোহসীন তালুকদার তার জবানবন্দিতে অস্ত্র আটকের ঘটনা সম্পর্কে নূরুল আমিন অবহিত ছিলেন বলে উল্লেখ করেছেন। এর পরিপ্রেক্ষিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়।
এর আগে রোববার বিসিআইসি'র সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমামুজ্জামানকে সিআইডি জিজ্ঞাসাবাদ করে।
ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে সাবেক ও বর্তমান বেশ ক'জন সরকারি কর্মকর্তাকে নোটিশ পাঠানো হয়েছে।
আগামী ৩০ জুলাইয়ের মধ্যে বাকি কর্মকর্তারাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে মোহাম্মদ মুসলিম জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২৩৫৩ঘ.
bdnews24