গোপালগঞ্জ, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মোবাইল ফোন সেট বিক্রি নিয়ে ঝগড়ার জেরে গোপালগঞ্জ সদর উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামে সোমবার সকালে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত রাশেদুল ইসলাম সুজনের (১৮) বাড়ি উপজেলার গোপীনাথপুর গ্রামে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ একই উপজেলার পাইকের ডাঙ্গা গ্রামের তুষার শেখ (২৫), তার ভাই জব্বার শেখ (১৬) ও তাদের মা পারুল বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, রোববার বিকেলে সুজন পাইকের ডাঙ্গা গ্রামের তুষার শেখের কাছে একটি মোবাইল ফোন সেট বিক্রি করতে যায়। দর কষাকষির এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
তিনি জানান, এ ঘটনার জেরে সুজনকে সোমবার সকালে তুষার ও জব্বার পাইকের ডাঙ্গা গ্রামে নিয়ে যায়। সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ওই দুই ভাইকে আটক করে পুলিশে সোপর্দ করে।
হত্যাকাণ্ডের ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৩৩ ঘ.
bdnews24